সরকারি নিষেধাজ্ঞার কারণে চীনের উইঘর মুসলমানদের অনেকেই পবিত্র রমজান মাসে রোজা রাখতে পারছেন না। শিনজিয়াং প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের মুসলমান কর্মকর্তা ও ছাত্রদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রদেশটির কাশগড় জেলার জোংলাং শহরের কর্তৃপক্ষ এক নির্দেশনামায় কমিউনিস্ট পার্টির ক্যাডার, সরকারি কর্মকর্তা ও ছাত্রদের জন্য রমজান মাসের ধর্মীয় ততপরতায় অংশ নেয়া নিষিদ্ধ ঘোষণা করেছে।
শিনজিয়াংয়ের স্থানীয় সরকারের ওয়েব সাইটেও এ নিষেধাজ্ঞার ঘোষণা প্রকাশ করা হয়েছে। এতে দলীয় নেতাদেরকে গ্রামের নেতাদের কাছে 'উপহার' হিসেবে খাবার নিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে যাতে এটা নিশ্চিত করা যায় যে তারা রমজানের রোজার সময়ও খাওয়া-দাওয়া করছেন। অন্যান্য স্থানীয় সরকারের ওয়েব সাইটেও একই ধরনের নির্দেশ পোস্ট করা হয়েছে। যেমন, ওয়েনসু জেলার শিক্ষা ব্যুরোর ওয়েব সাইটে এ নির্দেশ পোস্ট করা হয়েছে যে, রমজান মাসে ছাত্ররা যাতে মসজিদে না যায় স্কুলগুলো যেন তা নিশ্চিত করে।
রমজানের আগেও ধর্মীয় তৎপরতা দমনের জন্য নিষেধাজ্ঞার নানা নির্দেশনামা শিনজিয়াংয়ের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়েছে। এদিকে বিশ্ব উইঘর কংগ্রেসের মুখপাত্র দিলশাত রিক্ষিত সতর্ক করে দিয়ে বলেছেন, এ ধরনের নিষেধাজ্ঞার ফলে উইঘর মুসলিমরা চীনা শাসনের বিরুদ্ধে আরো বেশি প্রতিবাদী হয়ে উঠবে।
চীনের শিনজিয়াং প্রদেশকে ১৯৫৫ সালে স্বায়ত্তশাসন দেয়া হলেও সেখানকার মুসলমানদের ওপর চীনা কর্তৃপক্ষের ব্যাপক দমন-পীড়ন অব্যাহত রয়েছে। সন্ত্রাসবাদ দমনের অজুহাতে সেখানে মুসলমানদের ওপর ধর্মীয় দমন নীতি বাস্তবায়ন করা হচ্ছে বলে মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



