

ছবিগুলো গতরাতে আমার রুমের বিছানা থেকে তোলা। আমি বিছানায় শুয়ে থাকলে রুমের জানালা দিয়ে চাঁদ দেখা যায়। ঢাকা শহরে এটা একটা বিরল দৃশ্য। পূর্নিমার চাঁদ যখন জানালার পাশে এভাবে দেখা যায় অদ্ভুত সুন্দর লাগে।
আমি রাত জেগে চাঁদ দেখি। অন্ধকার রুমে জানালার গ্রিল ভেদ করে আলো আসে। আমার গায়ে পড়ে সতেজ সেই আলো। আমি তাকিয়ে থাকি অদ্ভুত মুগ্ধতায়। নিজের সাথে নিজে কত কথা বলি, দুনিয়া এসব জানে না। আসমানে যখন মেঘ হয়, অবিরত মেঘেরা ছুটে যায় তখন। চাঁদটা তখন ঢাকা পড়ে, আবার মেঘ কেটে যায়, গায়ে আলো পড়ে, আমার খুশি খুশি লাগে। এটা একটা খেলার মত মনে হয় তখন।
জীবনের অর্থ খুঁজে নিজে নিজে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি। চাঁদটা হয়তো জেগে থাকে রাতভর। আমাকে দেখে হাসে, মনে মনে বলে মানুষ প্রতিদিন ঘুমের ঘোরে মুলত মরে যায়। সকালে মৃত আমি জেগে উঠে চাঁদকে খুঁজি, হারিয়ে ফেলা আপনজনের মত। যে আপনজন দূর থেকে আমাকে দেখে, আলো দেয়, মিটমিটিয়ে হাসে, তাচ্ছিল্য করে। তবে আমার বিশ্বাস সেও হয়তো আমার শূন্যতা অনুভব করে কোন এক ঘুমভাঙা সকালে।
—জীবনের ডায়রী থেকে
©শামীম মোহাম্মদ মাসুদ

সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০২৫ দুপুর ২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




