চাঁদের আঁচল তোলা দখিনা আকাশে
একা একা নি:শব্দ ভেসে চলে অলৌকিক ইস্টিমার
আর কয়েকটা বিষণ্ন শতাব্দীর স্মৃতি নিয়ে সিগারেট ফুঁকে
একটা তেলাপোকা গোছের ভাঁর
মাঝরাতের জীবনকে দাঁতব্রাশে শুইয়ে
কুলকুচি করে মহাকাল
শুধু গার্মেন্টস ফেরা নারী ঘামবেচা ঘুম নিয়ে
জড়িয়ে ধ'রে বিয়ে করা পুরুষের কুচকুচে রোমশ ছাল
টাইলসের ইঞ্চি ছয়েক ওপরে শুয়ে থাকা
বিগত যৌবনা গৃহ-পরিচারিকা
জলজ, ভেজা স্বপ্নের ঘোরে
খুঁজতে থাকে ফেলে আসা পুকুর আর মাটির সোঁদা গন্ধ
দখিনা বাতাসে মহানগরের ঝিমুনি এলেও
বিস্তৃত রেললাইনের পাথুরে মেঝেতে
কানপেতে শোনা যায়
ধুঁকতে থাকা প্রাণের স্পন্দ
উত্তুরে আকাশের আঁচল সরিয়ে ডাক দিয়ে যায়
জোতির্ময় ইস্টিমারের সারেং
শব্দটা শোনেনা কেউ, কেবল একটু নড়চড় দিয়ে ওঠে
সদ্য জেগে উঠতে থাকা তিনবেড পাঁচএসি হারেম
নিদ্রার সুখ জোটে না তাদের
যারা জাগ্রত চীরকাল
ােভে, শ্রান্তিতে মৃতু্য পেরিয়ে ভাষাহীন নৈ:শব্দে
তারা জড়াতে থাকে অনুলোম কাশ্মীরি শাল
নিয়ম এবং নিয়মহীন উভয়ই
দুই মেরু হাতড়ে বেড়ায় কোন অনিবার্য নিশ্চিতির আশায়
এরা শোনেনা ইস্টিমারের শব্দ
জানেনা কি করে কেউ কেউ মেঘেদের ভেলা ভাসায়
ভিডিও গেমের তেলেসমাতিতে
ইদানিং সবগুলো ইন্দ্রিয় শুষে নেয় সিলিকন চিপ
আর উন্নয়নের প্লেগে নিভে যেতে থাকে
নিজ হাতের সলতে তেলের দীপ
রাঢ়িখালের ঘাসপাতাফুল
এখন ইউরিয়া পটাশে দগ্ধ
নোঙ্গরের আশায় ভেসে বেড়ায় ইস্টিমার
অথচ সেখানেও সবগুলো হার্বার বন্ধ
পৃথিবীটা ছোট হতে হতে নাকি
এখন বৃদ্ধাঙ্গুলের ডগায়
ঠিক যেভাবে অনেকগুলো মানুষ মরে
এখন একটুখানি কাঁদায়
রাত্রি আর সিগারেট ফুরিয়ে এলে
তেলাপোকা কষ্ট করে ফিরিয়ে নিতে থাকে তার উন্মুখ জমাট স্কন্ধ
শুধু ফিসফিস স্বরে আকাশকে শেষবার জানায়
ফিরে যাও ইস্টিমার, এই পৃথিবীর জানালা এখন তোমার জন্য বন্ধ
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



