শুনেছি কিছুদিন ধরে ঘরে ফিরে যাচ্ছে পিতারা
অনেকটা পৌরানিক উপাখ্যানের মত
নাটকীয় তাদের প্রত্যাবর্তন
শিশুদের মুখে হাসি এবং দন্দ্ব
শুনেছি ফুলে পাওয়া যাচ্ছে মিষ্টি সুবাস
সেও বহুদিন পর; চেনা বাগানেই
বোতলজাত অক্সিজেন ছাড়াই
ডানা মেলছে নতুন সবুজ এবং শিশু
শুনেছি উপকূলে ভূগৌলিক ত্রাসে ফুঁসে উঠছে সমুদ্র
থরথর করে কাঁপছে মাটি
থকথকে কাঁদার নিরব স্তরের নীচে আস্ত ম্যাগমা
ধ্বিকিধ্বিকি! ধ্বিকিধ্বিকি!
এরপর আর কানপেতে থাকিনি বহুকাল
চোখগুলো স্থায়ীভাবে গেঁথে দিয়েছি রিমোট কন্ট্রোলে
শুধু টিপে যাচ্ছি বোতাম, একের পর এক
শুধু বদলে যাচ্ছে ছবি, ভিন্ন ভিন্ন মুখের আদলে
এরপর আর খোঁজ খবরও নেই নি
ব-দ্বীপে এখন নাকি শান্তির সুবাতাস
কিছু অনিয়ন্ত্রিত নড়াচড়া শেষ করে
লাশেরা লাশ হয়েই আছে, একটুও গড়বড় করেনি
এরপর আর ওদিকটায় যাইনি
মনোযোগ ভিন্ন পরিসরে
পরতের পর পরত দিয়ে সাজানো যে পৃথিবী
খোসা ছাড়ালে তাকে অদ্ভুত বেহায়া লাগে
জগতকে একটা পেঁয়াজ হিসেবে তরকারিতে দিয়ে
অপেক্ষায় আছি প্রেশার কুকারের সিটি বাজার
আমি হারিয়ে গেলেও কেউ না কেউ ঠিকই শুনতে পাবে
বেতারে প্রচারিত কিছু অর্ন্তবর্তীকালীন শান্তি এবং ছায়ার পরের পর্ব, নাটকীয় সমাপনী নিশ্চিত
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৩ রাত ৯:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


