আশাকরি ভালো আছেন। শুভ সকাল, শুভ মৃত্যু দিবস। মনে পড়ে? ১৪ই অক্টোবর, ১৯৫৪ তারিখে কলকাতার বালিগঞ্জে এক ট্রাম দূর্ঘটনায় আপনি আহত হন? ট্রামের ক্যাচারে আটকে আপনার শরীর দলিত হয়ে গিয়েছিল? ভেঙ্গে গিয়েছিল কণ্ঠা, ঊরু এবং পাঁজরের হাড়। অনেকে বলে এ ছিল নিছক দূর্ঘটনা। আমি বলি আত্মহত্যা। এ দেশ, সাধারণত দু ধরণের কবিদের মনে রাখে, উপাসিত এবং মৃত। আপনি সম্ভবত দ্বিতীয় দলে। আপনাকে আরো জানাই, নতুন আরেক ধরণের কবিরা আছেন এই বাংলাদেশে, কবি যশোপ্রার্থী। এঁদের সংখ্যাও কম নয়। কিন্তু কবিযশ পাবার লোভ কেন যে এনাদের মনে; তা আমি আজো বুঝিনা। বিশ্বের কোন সমাজ, কোন রাষ্ট্র কবিবান্ধব নয়। তারা শুকরের উপসনা করে কিন্তু কবিকে হত্যা করে। গোটা জগতের সাথে কবির সর্ম্পক শত্রুতার। এই মহান শত্রুতা নেবার মত রাষ্ট্র, সমাজ এই পৃথিবীতে তৈরি হয় নাই। তাই আপনাকে লিখছি, যেহেতু আপনি পৃথিবী ভিন্ন অন্য কোথাও। অন্তত আমার চেতনায়। তাই আপনাকেই লেখার আছে আমার। কিংবা বলার আছে।
বাংলার রূপ নিয়ে মুগ্ধ আমি ছিলাম না কখনো, কিন্তু যখন থেকে ছবি তুলি তখন থেকে আপনাকে দেখি। ছবিতে আমি, "উটের গ্রীবার মত কোন এক নিস্তব্ধতা" খুঁজি। স্বপ্নভঙ্গের বাঁকও। আর এই অ-প্রয়োজনীয়, অ-অর্থকরী কাজটা করতে আমার ভালো লাগে। যতবার ভালো লাগে ততবার বুঝি আমরা কত কাছাকাছি এবং কতটা অর্থহীন। এই অর্থহীনতাই মহাকালের কাছে আমাদের একমাত্র চিৎকার। সেটা কি কেউ বোঝে? না বুঝুক কি এসে যায় তাতে। এই ছবিটা শ্রেফ আপনার জন্য, প্রিয় জীবনানন্দ দাশ। কারণ এই ছবিটার কথা আপনি লিখে গেছেন অনেক আগে....
কোথাও পাখির শব্দ শুনি;
কোনো দিকে সমুদ্রের সুর;
কোথাও ভোরের বেলা র'য়ে গেছে - তবে।
অগণন মানুষের মৃত্যু হ'লে - অন্ধকারে জীবিত ও মৃতের হৃদয়
বিস্মিতের মতো চেয়ে আছে;
এ কোন সিন্ধুর সুর:
মরণের - জীবনের?
এ কি ভোর?
শুভেচ্ছা
শরৎ
![]()

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


