খুব সকালে উঠেই নিয়মিত গলির ভেতর দিয়ে
রোদ মাখা স্মৃতি, মিথ্যা ছিল;
অথবা বৃষ্টিতে কাকভেজা হয়ে আশুলিয়ার বাঁক
মহাসড়কে পিছলে যাওয়া থেকে বেঁচে যাওয়া, মিথ্যা ছিল;
গোপন রেঁস্তোরায় মুখোমুখি বসে জীবনের হিসাব
স্টেক কেটেকেটে মুখে দেয়া, মিথ্যা ছিল;
তোমার গোলাপী শাড়ি, ঈদের আগের রাতে
দরদাম, ভীড় ঠেলা ঘাম মিথ্যা ছিল;
বারান্দায় হাত পেতে বৃষ্টি বিলাস
কোমল ওড়না মিথ্যা ছিল।
কে বলে এইসব?
আকাশ নীল হলে, ঝাউগাছ নুয়ে পড়লে
অনেক অনেক অনেক দূর থেকে হেঁটে আসলে
সন্ধ্যা নুয়ে পড়লে,
অস্তগামী সূর্যের মত সবই সত্য হয়
যেমন হয় অন্ধকার
দূর উপত্যকার কোল বেয়ে নেমে এলে
সত্য ভীষণ, কাঁপন কাঁপন
একটা শান্ত কুঁড়ে ঘরে শীতের আমেজ
কুয়াশায় আলোর মতন
মিথ্যা মনে হয়;
আসলে সত্য খুব
ঘর পালানো নেকড়েদের তুমি জিজ্ঞেস কোরো
তারা একে একে দেখিয়ে দিয়ে যাবে
সত্য আলোয় মিথ্যার আঁচড় সমূহ।
শরৎ চৌধুরী, মধ্যরাত: ০১:৪১, পল্লবী, ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


