কিংবা এমনো হতে পারতো
তুমি একটা বিকেলে ছাতা নিতে ভুলে গেলে ইচ্ছে করেই
এবং পাহাড়ি নদীর ঢলে পিছলে গেলে
এমনি যে
তোমাকে টেনে ধরে ওঠাতেই আমি
যেন সেই মুহুর্তটা অতিক্রম করছিলাম
এমনি এক গতিতে যার মিলি সেকেন্ড হেরফের হলে
জেব্রা ক্রসিং এর ঠিক অন্যপাশে তুমি আমি বিভক্ত হয়ে যেতাম
একটা ডাকবাহী গাড়ীর কারণে
কিন্তু তা ঘটেনি
আবার ঘটেছিলও
মানে তোমাকে হাত ধরে ওঠানোর কাজটা আমি করতে পেরেছিলাম
কিন্তু সেটা একটা সম্ভাবনা ছিল
কিংবা বলতে পারো প্রত্যাশা
কিন্তু কেই বা প্রমাণ করবে বল
যে এমনটা ঘটেনি
যেমন “গল্পটা”
একটা শব্দ, আর কিছু যুক্ত করা অর্থ
কিন্তু শব্দটাকে যদি বিবস্ত্র করি একটু
পড়াই নতুন পোশাক
তাহলে
গ এর সাথে ল-য়হীন এক প-শু
টান মেরে পুরো শব্দের আব্রু
ঝকঝকে কালো পিচে
নতুন করে সাজাতে ব্যস্ত
ততক্ষণ, তুমি কি নেই
তোমার পোশাক নেই বলে
তোমাকে আপাত দেখা যাচ্ছেনা বলে
তোমার এই যে তীব্র অসহায় বেআব্রুপনা
তা যে ভীষণ কামোত্তেজনা আর সহায়তার স্নেহ তৈরি করছে
তাকে তুমি কি বলবে
শিশুকাম?
কিন্তু কেই বা তোমাকে বলে দিল
পোশাকহীন শব্দরা শিশু
ভ্রুণ, নাকি আস্ত বড় লোক
আচ্ছা সেটাও তো একটা নাম
কিছু পার্পাস আর কিছু অর্থ, কিছু নীতি আর কিছু কাম
লোকের মত করে কিছু নেই
বিপরীতেও কিছু নেই
তাহলে হয়ত আমি নিশ্চিত করেই বলতে পারতাম
তোমার সাথে আমার দেখা হবার কথা
কিন্তু “নিশ্চিত” ও একটা শব্দ, কিছু অর্থ
নিভৃতে শিৎকাররত একটা চালাক তক্ষক।
শরৎ চৌধুরী, ২৩ শে ফেব্রুয়ারি, ভোর ৩টা, সাইজো নিশি হোনমাচি।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



