টাকা জাদুঘর : বাংলাদেশ ব্যাংকের অনন্য উদ্যোগ
সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থনীতিরও পরিবর্তন ঘটছে। সেই পরিবর্তনের ধারায় নতুন করে যুক্ত হলো বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘর। মুদ্রা উদ্ভাবনের আগে বিনিময় মাধ্যম হিসেবে প্রচলিত কড়ি, প্রাচীন মৌর্য, গুপ্ত পাল আমলের ধাতব মুদ্রা থেকে শুরু করে বর্তমান সময়ের কাগুজে নোটের সংগ্রহ নিয়ে যাত্রা শুরু করেছে দেশের প্রথম টাকা জাদুঘর। শনিবার এই টাকা জাদুঘরের উদ্বোধন হয়। রাজধানীর মিরপুর-২-এ বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির দ্বিতীয় তলায় স্থাপিত হলো এই ‘টাকা জাদুঘর’। আবহমান বাংলা এবং উপমহাদেশের প্রাচীন মুদ্রার ক্রমবিকাশের ধারাকে লালন, সংরক্ষণ ও তার নান্দনিক উপস্থাপনই টাকা জাদুঘর প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য। বাংলাদেশ ব্যাংক টাকা সংরক্ষণের পাশাপাশি দেশের ইতিহাসও সংরক্ষণ করছেÑ এ ধরনের অন্যন্য উদ্যোগ প্রশংসনীয়। আমরা উদ্যোক্তাদের সাধুবাদ জানাই। এতে করে দেশের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জাদুঘরের সংরক্ষিত ধাতব মুদ্রার মাধ্যমে অবগত হওয়ার সুযোগ সৃষ্টি হলো। বিশেষ করে নতুন প্রজন্ম এতে আগ্রহী হয়ে উঠবে বলে আমরা আশা করছি। কারণ টাকার জাদুঘর হবে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পর্যটকসহ সব মানুষের মুদ্রাবিষয়ক জ্ঞান ও গবেষকদের গবেষণার বিশাল কেন্দ্র।
জানা গেছে, বাংলাদেশে মহাস্থানগড় ও নরসিংদী জেলার উয়ারী বটেশ্বরে পাওয়া গেছে অনেক ছাপাঙ্কিত মুদ্রা। টাকার এ জাদুঘরে স্থান পেয়েছে এমন অনেক দুর্লভ মুদ্রা। এখানে আছে গুপ্ত যুগের মুদ্রা, গুপ্তোত্তর যুগের বাংলার মুদ্রা, খ্রিস্টীয় সপ্তম থেকে নবম শতক পর্যন্ত হরিকেল রাজ্যে প্রচলিত রৌপ্য মুদ্রা, ইন্দো-পার্থিয়ান মুদ্রা, কুশান মুদ্রা, কুচবিহারের মুদ্রা, বাংলার স্বাধীন সুলতানি আমলের মুদ্রা, মোগল শাসনের সমাপ্তির পর ভারতে ১৮৩৫ সাল থেকে প্রচলিত ব্রিটিশ মুদ্রা। পাকিস্তান আমলের মুদ্রাও রয়েছে এই জাদুঘরে। এ পর্যন্ত প্রায় তিন হাজার মুদ্রা সংরক্ষণ করা হয়েছে। এছাড়া টাকা জাদুঘরে প্রদর্শিত হচ্ছে বর্তমান সময়ের যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, স্পেন, সুইজারল্যান্ড, জার্মানি, অস্ট্রেলিয়া, জাপান, আর্জেন্টিনা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেপাল, ভুটান, ভারত, পাকিস্তানসহ প্রায় সকল দেশের মুদ্রা। মুদ্রা বা নোট একটি দেশের শুধু অর্থনীতির উপাদান বা লেনদেনের মাধ্যম নয়, এটি একটি দেশের সার্বভৌমত্বেরও প্রতীক। নোটে আমরা দেখতে পাই শহীদ মিনার, স্মৃতিসৌধ, জাতির পিতা বঙ্গবন্ধু, জাতীয় পাখি দোয়েল, সোনালি আঁশ পাট এবং সমৃদ্ধ স্থাপত্যকলার নিদর্শনস্বরূপ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার চিত্র। এসব চিত্রকর্ম আমাদের স্মরণ করিয়ে দেয় ভাষা আন্দোলনের বীর শহীদদের কথা, মায়ের ভাষা বাংলার প্রতি আমাদের অকৃত্রিম ভালোবাসার কথা, মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গুরত্বপূর্ণ ঘটনা, দিবস এবং কালজয়ী ব্যক্তিদের স্মরণে এ পর্যন্ত ১১টি স্মারক মুদ্রা এবং ৩টি স্মারক নোট মুদ্রিত হয়েছেÑ যা এখানে প্রদর্শিত হচ্ছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০-এর স্বর্ণের স্মারক ৫০ হাজার টাকায় বিক্রির জন্য প্রদর্শন করা হয়েছে। এছাড়া টাকা জাদুঘরে একটি স্যুভেনির শপ রয়েছে। স্যুভেনির শপে থাকছে সকল স্মারকমুদ্রা, স্মারক নোট, বিভিন্ন স্যুভেনিরসহ বাংলাদেশ ব্যাংক প্রকাশিত বিভিন্ন পুস্তক, প্রতিবেদন। দর্শনার্থীরা এ সকল আইটেম সুলভে কিনতে পারবেন।
ইতোমধ্যে দেশের দুই টাকার উৎকীর্ণ শিল্পকর্ম এরই মধ্যে বিশ্ব দরবারে স্থান করে নিয়েছে। আমাদের দুই টাকার নোট বিশ্বের সবচেয়ে দৃষ্টিনন্দন নোট হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর মাধ্যমে বিশ্ব-পরিম-লে বাংলাদেশের মর্যাদা ও পরিচিতি দুটোই বেড়েছে। আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক টাকার গায়ে চিত্রিত করতে পেরেছি। এভাবেই অতীতের ইতিহাস যেন হারিয়ে না যায় আমাদের সে ব্যবস্থা করতে হবে। কাজেই ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির বিকাশকে ধরে রাখতে এই জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




