মা আমায় ক্ষমা করো
রাত নয়টা কি সাড়ে নয়টা ! সময়ের ব্যাপারে আমি কখনই একিউরেট না। কারণ প্রাগৈতিহাসিক কাল থেকে আমার হাতে কোন ঘড়ি নাই। 'মুঠোফোনে' ঘড়ি থাকলেও সচরাচর দেখা হয়না। পল্টন মোড়ে বাস কন্ডাক্টরের নানা মুখি গন্তব্যের হাঁক ডাক; ডাইরেক্ট, সিটিং প্রলোভন চলছে অবিরত...
মিরপুরগামী বাসে চড়ে পেছনের চাকা বরাবর আসনটিতে বসে পড়লাম। আমার সহযাত্রী একজন আফ্রিকান। খসখসে কালো চামড়া ফুটে বের হয়ে আসা আঁখি জোড়ায় অপার শৌন্যতা নিয়ে তাকিয়ে আছে জানালার বাহিরে.....আফ্রিকানরা এই দেশটাতে বেশ ভালই মজা পেয়েছে। ঢাকার রাস্তায় হারহামেশাই এদের দেখা যায়। ..
বাসে বা ট্রেনে পাশের যাত্রীর সাথে খোশ গল্প করা আমার একটা অভ্যাস কিংবা বদ অভ্যাস। আফ্রিকান সহযাত্রীর সাথে কথা বলার জন্য মন উসখুস করছে। কিন্তু লোকটা কোন দেশী? কোন ভাষায় কিভাবে কথা বলা শুরু করব বুঝে উঠতে পারছিনা। একেক জাতির একেক রকম সংস্কার। শুনেছি বাসে বা ট্রেনে জাপানীদের কোথায় যাবেন জিজ্ঞেস করতে নেই। জিজ্ঞেস করতে হয় আপনি বেশী দূর যাবেন কি? লোকটার চোখের শৌন্যতা আর চামড়ার কৃষ্ণ রুক্ষতা বলছে সে সোমালিয়ান; কোঁকড়ানো চুল আর শরীরের গঠন বলছে সে নাইজেরিয়ান; থুতনির চারপাশ ঘিরে ছোট ছোট দাঁড়ি বলছে সে সুদানিজ। আমি লোকটা কে নিয়ে নানা কথা ভাবছি আর সে নির্লিপ্ত বাহিরে তাকিয়ে আছে ।
তৎক্ষনে গাড়ি চলে এসেছে শাহবাগ মোড়ে। বেশ কয়েকজন যাত্রী হুড়মুড় করে ঊঠে পড়ল বাসে। হঠাৎ আমার ভাবনা জুড়ে থাকা আফ্রিকান চিৎকার করে উঠলেন " ওই হেলপার খানকির পুত গেইট লাগা"....মুহুর্তে আমি সহযাত্রির পরিচয় পেয়ে গেলাম। মুহুর্তের বিষ্ময়ে তার দিকে অপলক তাকিয়ে রইলাম। মামা ভাড়া দেন কন্ডাক্টরের ডাকে সম্বিৎ ফিরে পেলাম...
শেওড়াপাড়া এসে আমার আফ্রিকান সদৃশ স্বদেশী নেমে গেলেন। আমি জানালার দিকে সরে এসে তার পথের দিকে তাকিয়ে থাকলাম। আমার মাথায় একটা শব্দ কিলবিল করছে - "খানকির পুত"। আমি ভাবছি হয়ত বাসায় লোকটার বৃদ্ধ মা আছে। তিনি বসে আছেন। ছেলে কখন ফিরবে। তারপর এক সংগে খাবেন। কিংবা তার মা অসুস্থ। তিনি ফিরেই মাকে যত্ন করে ঔষধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিবেন। হয়তোবা তার মা বেঁচে নেই। তাই তিনি নিজের মেয়ে কে আদর করে মা বলে ডাকেন। বাসায় গিয়ে সে মাকে সাথে নিয়ে খাবেন। অথচ একটু আগে তিনি কত অবলীলায় একজন বাস কন্ডাক্টরের মাকে গালি দিলেন। কেঊ তাকে কিছু বল্লোনা, আমিও না। এদেশে মাকে ধরে গালি দেওয়া যেন নিপাতনে সিদ্ধ সমাজ রীতি। আমার মা, তার মা, তিনার মা - কারো মাকেই আমরা সন্মান দিতে পারিনি। আর বাসের হেলপার কন্ডাক্টরের মা হলেতো কথাই নেই। ঘনবসতির এই দেশে অতিরিক্ত যাত্রি উঠানোর যে মহাপাপ তাতে কি হেলপারের মায়ের কোন দোষ ছিল ?? নাকি সে কেন সন্তান জন্ম দিয়েছে এটাই তার দোষ ?? সন্তান ভাল কাজ করলে বাপের বেটা আর খারাপ কাজ করলে খানকির পুত ! সেলুকস একেই বলে।
হায় ! মা, এদেশে তুই সন্তান জন্ম দিলেও দোষ না দিলেও দোষ !
আমি আর কিছুই ভাবতে পারছিনা। আমার মন খারাপ হয়ে গেল। মাথায় চিন চিন করে ব্যাথা অনুভব করতে লাগলাম। এইতো আমাদের যাপিত নগর জীবন। পথ যেতে যেতে মন খারাপের কত ঘটনাই ঘটে যাচ্ছে নিত্য, নীরবে... কোনটা ফেলে কোনটার কথা বলি............??
টিকা: বন্ধু স্বপ্নবাজ অভি'র মাকে নিয়ে যে আহবান, সে আহবানে সাড়া দিয়ে কিছুদিন আগে বাসে ঘটে যাওয়া একটা ঘটনা সবার সাথে শেয়ার করলাম।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


