কেউ কেউ স্বপ্ন বিক্রি করতে করতে
বুড়িয়ে গেছে;
আর আমি স্বপ্ন দেখতে দেখতে।
রাস্তার মোড়ে ডাষ্টবিনের গন্ধ অবিকল আছে,
পুরোনো হয়নি আততায়ীর ধারালো ছুরি
কেঁদে উঠে রক্ত ভেঁজা বোবা মাটি,
বেকার যুবকের জুতোর তলায় ক্ষয় রোগ
এখনো উপহাস করে।
আমার বাবাও স্বপ্ন দেখতো
আমিও স্বপ্ন দেখি
আমার সন্তানও স্বপ্ন দেখবে,
এক ও অভিন্ন স্বপ্ন,
খুব সাধারণ অথচ অলীক।
তিলোত্তমার স্বপ্নে নিষিদ্ধ হয়েছে আকাশ,
নিয়নের স্বপ্নে চাঁদ।
কিছুই অর্জিত হয়নি,
বিকল ল্যাম্প পোষ্টের নিচে আবছা দেখা যায়
বিকল দেশের ছবি।
আর কিছু দিন পর পর
স্বপ্নের সাংবিধানিক প্রজনন মৌসুম এলে,
ফসফরাসের গন্ধে আমরা শুধু
অসুস্থ মাছেদের মত খাবি খাই।
তবুও নিরন্তর রাস্তার মোড়ে মোড়ে
স্বপ্ন ওয়ালাদের শব্দ দুষন।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


