ডা. জাকির নায়েক পিস টিভিতে বলছেন- ইসলাম প্রচারের জন্য পিস টিভিকে যাকাত দিন। আমার প্রশ্ন হলো- ঐ চ্যানেলকে যাকাত দেয়া যাবে কিনা? দিলে যাকাত আদায় হবে কিনা?
উত্তরঃ
যারা আলেম গণের সাথে সম্পর্ক রাখেন না, এবং আলেমগণের ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেন না, সেই সকল মুসলিম ভাই-বোনেরা ডা. জাকির নায়েকের আকর্ষণীয় বক্তব্যের বিভ্রান্তির বেড়াজালে জড়িয়ে পড়ে খুব সহজেই। এমনই একটি বিভ্রান্তি হলো, পিস টিভির জন্য যাকাত পাঠানোর আহ্বান।
যাকাত পাবার জন্য গরীব, ফকির, মিসকিন হতে হবে; অন্যথায় সে যাকাত পাবার উপযুক্ত নয়। আরেকটি বিষয় হলো- যাকাত আদায়ের জন্য ‘তামলীক’ শর্ত, অর্থাৎ উপযুক্ত কোনো ব্যক্তিকে যাকাতের অর্থের মালিক বানানো। সুতরাং পিস টিভির মালিক গরীব নন, তাই তিনি যাকাত পাবারও উপযুক্ত নন। আর অন্যদিকে চ্যানেলের মধ্যেও যাকাতের মালিক হওয়ার যোগ্যতা নেই। কারণ- চ্যানেল কোনো ব্যক্তি নয়, বস্তু। টিভি গরীবও না। সুতরাং পিস টিভিসহ কোনো টিভি চ্যানেলকে যাকাতের অর্থ দিলে ইসলাম সম্মত উপায়ে যাকাতের জন্য যথা নিয়মে না হওয়ার কারণে ঐ যাকাত হিসেবে দাতা ব্যক্তির যাকাত আদায় হবে না। যাকাত তার নির্দিষ্ট হকদারকে দিতে হবে, নতুবা যাকাত আদায় হবে না।।
তথ্যসূত্রঃ
১. মাসিক মদীনা, নভেম্বর ২০১২, প্রশ্নোত্তর পর্ব, প্রশ্ন নম্বর-১।। (মূল ফতোয়াটি দিয়েছেন মাসিক মদীনা’র সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খান)
২. দুররুল মুখতার, ২য় খন্ড, ৬০ পৃষ্ঠা।।
৩. ফতোয়ায়ে আলমগীরী, ১ম খন্ড, ১৮৮ পৃষ্ঠা।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

