
দেখে নেবো, কতোটা নগ্ন তুমি হতে পারো, তারও অধিক নগ্নতা আমারও আছে
সম্ভ্রমের কবাট তোমার খুলেছে
এখনো আত্মসম্মান বোধ নিয়ে সয়ে আছি সব
বুকে আগুন জ্বেলেছ, মেনে নিয়েছি
শাড়ির আঁচলে আগুন লাগালে সামলাবে কে?
বন্ধুর চোখে প্রেম দেখেছো, বন্দুক এখনও দেখায়নি।
এতোটা বোকা তুমি কবে থেকে হলে গো
বনে আগুন লাগালে নগর অরক্ষিত, কেউই তোমায় শেখায়নি!
বলো, আর কতোটা নগ্ন হলে, সসম্ভ্রমে সরে দাঁড়াবে
কী কী আর চাই, তোমার?
আঙ্গুলের ছাপ? রাতের কান্না? প্রতিবাদহীনতা? সিন্দুকের চাবি?
জলের অধিকার? আরাধনা? হাঁড়ির খবর? নাঁড়ির টান?
সবই তো দিলাম। মাইনের অর্ধেক বছরান্তে তোমার নামে লিখে দেই
আর কী চাই? বাজার সদাই আনাজ পাতির কারবার আমিই করে দেই
কেওড়া, গরান, সুন্দরিটুকু আমি চেয়েছি, আর বেশি কিছু নই
বলো, বুকের জমিন কতোটা ঝাঁঝরা হলে তুমি বুঝবে
এখনও সয়ে আছি ভালোবেসে
চোখের সকেটে ঘৃণার আগুন জমা রেখেছি
হাতের মুঠোয় পুরে রেখেছি প্রতিহিংসার বিষফলা
দয়া করে এবার তুমি থামো, নইলে নগ্ন আমিও হতে পারি
এতোটা নগ্নতা আমার আছে, শাড়ির আঁচল পুড়ে যাবে।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



