বহুকাল পর আলোকিত সূর্যজ্ঞান দেখা দেয় বালিকার চোখের দৃষ্টিরেখায়।কল্পকথার অভিমানী রাজকুমার দীর্ঘ রাত শেষে দেখতে পায়, কোথা হতে যেন আলোকরেখা ছুটে আসছে, সেই চোখের দৃষ্টিরেখা ধরে! দৃষ্টিভ্রম কাটতে চায়না, রোদ আসে অন্ধ পাখির ডানায় ভর করে। বালক আঁকড়ে ধরে এই শহরের কোন এক জানালায় ঝুলে থাকা তপ্ত প্রেমের কবিতার শুরুর লাইন মাতাল সন্তরণে!
বালিকা
ডেকে চলে ডাহুকের দল , অন্ধ দোয়েল। এসে দাঁড়াও নিজস্ব সমুদ্র তীরে । এখানে দীর্ঘশ্বাসের সুর ভুলে একা দাঁড়িয়ে আছে তোমার কল্পকথার রাজকুমার। এসো নীলাচলে ভেসে , এসো ক্লান্তি ভুলে , এসো ধাতব নৃত্যের ছন্দে... সাথে নিয়ে এসো দীর্ঘকাল আগে ফেলে আসা আলোকরেখা! পাথুরে জলছাপে এঁকে দিবো বেহালার উদ্ধত সুর।
তোমার মন খারাপ হলে পদ্মপাতার ভাঁজে খুঁজে পাবে রেখে আসা কোন সুখপাখি। স্নিগ্ধ ছায়াতলে উড়ে আসা প্রজাপতির দল তোমার ঘাড়ে রেখে যাবে তপ্ত নিশ্বাস। প্রকাশিত স্বপ্নেরা দৃষ্টিসীমায় আসবে জল-বিভ্রমের লুকোচুরি ফেলে আসা সিগ্যালের ঝাঁকে।
নৈঃশব্দ্য কানপেতে শুনে নাও ! অনতিক্রম্য অন্ধকার ফেলে বালকের নিঃশ্বাস গায়ে মেখে নাও ! ছুঁয়ে দাও ! বিষাদের শেষ পাতা ছিন্ন করে বাজাও তোমার লুকিয়ে রাখা বেহালা।
বালিকা,
আমার চোখে দেখে নাও সহস্র বছরের লুকিয়ে থাকা প্রেম!
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ৩:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




