তখন কেবলই সন্ধ্যা বুড়ো হচ্ছে,জোছনায় আঁকিবুকি হচ্ছে । অদ্ভুত একা আধাঁর গিলে ফেলতে চায় পুরো চাঁদটাকে,ভীষণ একাকীত্ব মস্ত আকাশের কালোতে। সেই ছায়াটা খুব করে পেয়ে বসে জলাশয়ের বিবর্ণ মাছগুলোকে !
আশ্চর্য এক হিমশীতল বাতাসের ঝাঁকুনিতে নিস্তব্ধতা উড়ে যায় অনিকেত প্রান্তরে। ধ্রুপদী সুরের শরীর হয়ে মহাকালের নিদ্রিত ঘ্রাণ এসে মাছেদের জোছনার গান শোনায়। ফিরে যাবার পথে রেখে যায় যুবতী চাদেঁর জোছনা, সাথে মিশে রয় অনন্ত তৃষ্ণার প্রজাপতি আর প্রজাপতির ডানা ভাঙা রঙ, কেউ একজনের বিষন্ন নূপুরের ফেলে যাওয়া শব্দ !
চন্দ্রাহত এক সাগর, দৃষ্টি প্রদীপ জুড়ে...মুগ্ধতার সাতকাহন যেন পদ্মফুলের পাতায় পাতায়। রজনীর সমস্ত আঁধার, আর এই তো খানিক আগের এক আকাশ বিষাদ নীলিমার গান কোথায় যেন মিলিয়ে যায় নিমিষেই। প্রকৃতির শরীর জুড়ে নিষ্পাপ নীরবতা, ক্ষণেই পাতায় পাতায় কাঠ–মালতির মায়াবী সঙ্গীত, নৃত্যগীতের হাওয়ায় মিশে যায় নিস্পাপ অন্ধকার!
ষোড়শীর উচ্ছ্বাস আর মায়াবতী দৃষ্টিভ্রম। পদ্মপাতা আর তার ছায়ায় রেখে যাবো আমার অনির্বাচিত সংলাপ। শুনেছি ময়ূরাক্ষী তীরে হরিণীর পদরেখায় ঘাসফুল ফোটে, সেই ফুলে রেখে আসবো আমার ব্যর্থ দিনলিপি, অরব অপেক্ষার সমস্ত দিবারাত্রি! এই যে জোছনাফুল ফুটে রয়েছে রাত্রির গায়ে, আমি তার নির্যাস মেখে ফিরে যাবো তামশ বিষণ্ণতায় ।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


