আমাদের দেশপ্রেম
এখন মাথায় নাকি হৃদয়ে, পায়ে নাকি বুকে
ল্যান্ডফোন সেলফোন ডাকঘর কুরিয়ার সার্ভিস কোথাও
ঠিকানা মিলছে না
মনে হচ্ছে পাঠ করি, নিজেই নিজেকে শোনাই বহু কথা
প্রিয় কারো কাছ থেকে গল্প আর ইতিহাস শুনি
অঙ্কের ধারাপাত গুণি
কতো কিছু, কতো কিছু, কতো কিছু-
সেদিনো ছিল এ রকম চৈত্রের দিন
সকল অঙ্ক হিসাব নিকাশ
আবেগ ও যোগাযোগ
সুনির্ধারিত পরিকল্পনা
কী, কিভাবে এলোমেলো করে
আমাদের দাঁড় করিয়ে দিয়েছিল যুদ্ধের মুখোমুখি
চৈত্রের দিন আর মার্চের রাত
অস্থির চাঁদ ও সূর্যের আলো
আমাদের স্বাধীনতার প্রদীপ জ্বালালো
আমাদের দেশপ্রেম
মাথায় নাকি হৃদয়ে ছিল
সে সবের কোন কিছুই খোঁজা হয়নি সেকালে
আমাদের মুক্তিযুদ্ধের প্রথম সকালে
..................................
কবি সমুদ্র গুপ্ত
(কাব্যগ্রন্থ: মাথা হয়ে গেছে পাখা শুধু ওড়ে)
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১২ সকাল ১১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





