
আমি প্রেমের ইচ্ছে ঘুড়ি
অতি ভারে নাটাই ছিঁড়ে পড়ি
তোমার বাড়ির আড়াআড়ি ;
জলসিঁড়ি নদীর ওপারে বাড়ি ।
আমার মনের ভিটায় প্রেমের গহীন বাড়ি
আমি গহন রাতে নদীর তীরে উড়ি
একলা ক্ষণে কার বিহনে , কারে যেন খুঁজি
প্রভাত কালে ঘাসের বুকে শিশির ছুঁয়ে পড়ি
আমি নিসর্গের যা দেখি তারই প্রেমে পড়ি
এই জগতে রুপের ছড়াছড়ি !
আমার কেবল প্রেম হয়ে যায়
মুক্ত পাখির সনে ;
যখন নীল আকাশে উড়ে
প্রজাপতির সনে ;
যখন অভিলাসে ফুলে ফুলে ঘুরে
যখন দখিন হাওয়ায় বৃক্ষ-তরু দোলে
বনবীথি মুখর অতি পাখির কলতানে !
যখন অরন্যতে জ্বলে জোনাক-বাতি
জ্যোৎস্নার হাসি আলোতে যায় ভাসি
ফাগুণ রাতে পলাশ বনে বাজায় সুজন বাঁশি
আমি তখন অপার সুখে দিনে রাতে হাসি !
সর্ষে ফুলে উড়ে যখন অলি
হায় ,আমি তখন রূপ দেখে যে মরি !
যখন জলকেলিতে মাতে সূর্যদেবী
গোধূলিতে ভাসায় স্বর্গ-তরী
যখন দেখি মায়াবতী বাংলার মুখখানি
যখন আপন মাঝি পাল তোলে
দেয় অচিন গাঙে পাড়ি ;
হায় ,আমি দূর হতে রূপ দেখে যে মরি !
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



