আগামী মৌসুম থেকে রাজশাহীর আমের নাম বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের উচ্চপর্যায় থেকে ।
গোপালভোগের নামকরণ হবে পিচফল, ল্যাংড়ার নতুন নাম হবে বৈচি, ফজলির নাম হবে ফলসা এবং হিমসাগরের নাম হবে কাউফল।
এ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, ‘’''তত্ত্বাবধায়ক-ব্যবস্থা পুনর্বহালের আগে আমের নাম পরিবর্তন আমরা সমর্থন করি না। আমরা সরকার গঠন করলে আমের আগের নামই পুনর্বহাল করব।‘’''
সেগুনবাগিচা এলাকায় এক আলোচনা সভার প্রধান অতিথির ভাষণে দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘’''আমের নাম বদল হইল তো কী হইল। আমের নাম বদল করা যাইব না, এমন কোনো বিধিবিধান সংবিধানে লিপিবদ্ধ নাই।‘’''
এক মতবিনিময় সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘’''আমি আমের এলাকার মানুষ। আমের নাম পরিবর্তন আমি সমর্থন করি না। তা ছাড়া বর্তমান নামগুলো তো ভালোই ছিল, কবিতার শব্দের মতো।‘’''
এ প্রসঙ্গে ওয়ারকার্স পার্টির প্রধান রাশেদ খান মেনন বলেছেন, ‘’''আমরা এ সিদ্ধান্তের সমর্থনও করছি না, বিরোধিতাও করছি না। আমের নামবদলে শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। তবে সব দলের সঙ্গে আলোচনার মাধ্যমে করলেই ভালো।‘’''
জাসদ সভাপতি হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেছেন, ‘’''রাজশাহী বাংলা ভাইয়ের এলাকা। খালেদা জিয়া জঙ্গিবাদীদের সংস্রব ত্যাগ করেন নাই। রাজশাহীর আম নিয়া বিএনপির রাজনীতি করার আগে তাদের বলতে হবে তারা জঙ্গিবাদীদের সঙ্গে থাকবেন, নাকি রাজনীতি থেকে মাইনাস হবেন।‘’''
এদিকে আমের নামবদলের কথা উচ্চারিত হওয়ামাত্র কয়েক ঘণ্টার মধ্যে কয়েকটি সংগঠনের জন্ম নিয়েছে। সংগঠন মানে কম্পিউটার থেকে বের করা কয়েকটি লেটারহেড প্যাডের কাগজ। কোনোটির নাম বঙ্গবন্ধু আম পরিষদ, কোনোটি শহীদ জিয়া আম ফাউন্ডেশন, কোনোটি আমের নাম পরিবর্তন প্রতিরোধ কমিটি, কোনোটি সোনার বাংলা আম ফোরাম।
যাদের টাকার অভাব নাই তাঁরা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি মিলনায়তন ভাড়া নিয়ে আলোচনা সভার আয়োজন করেছেন।
যাঁরা শুধু মাইকের ভাড়াটা জোগাড় করতে পারবেন এবং সালু কাপড়ে একটি ব্যানার লেখাতে সক্ষম তাঁর রাজপথে মানববন্ধনের ব্যবস্থা করেছেন।
যাঁদের কোনো কিছুই করার সামর্থ্য নাই তাঁরা দশ-বারো জন রাস্তায় নেমে অমুকের গদিতে একসঙ্গে আগুন জ্বালার স্লোগান নিয়েছেন। তাদের স্লোগান ছিল , ‘’''আমের নাম পুনর্বহাল করো, নইলে গদি ছাড়ো।‘’''
পত্রপত্রিকার উপসম্পাদকীয় পাতাগুলো সয়লাব হয়ে গেছে আমের জন্মবৃত্তান্ত থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় তথ্যে।
আম গবেষণা প্রতিষ্ঠানের কে কোথায় ডায়াবেটিস ও হার্টের সমস্যা নিয়ে অবসর জীবন যাপন করছেন তাঁদের খুঁজে বের করে সাক্ষাৎকার নেওয়ার ব্যবস্থা করেছেন গণমাধ্যমগুলো।
কেউ বলেছেন, বঙ্গবন্ধুর সময়ই প্রথম আম নিয়ে গবেষণা হয়।
আর কেউ বলেছেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াই রাজশাহীর আমবাগান প্রথম পরিদর্শন করেন।
বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে গভীর রাতে আয়োজিত টকশোতে এই বিষয় নিয়ে চলবে তুমুল বিতর্ক ।
শ্রদ্ধেয় কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ এর কলাম ‘’''বিজয়ী বিজিত কভু, বিজিত বিজয়ী’’'' এর কিছু অংশ সম্পাদনপূর্বক প্রাকাশ করা হল।
এটি একটি বিনোদনমূলক পোস্ট। এর মাঝে অন্য কিছু না খোঁজার জন্য সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১২ রাত ৯:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




