**** সত্যি বলতে কি ইদানীং খুব বেশী প্রযুক্তিনির্ভর হয়ে পড়ছি। লেখালেখিতেও দেখছি প্রযুক্তির ছড়াছড়ি। এখন আর রাত জেগে ডায়রী কিংবা পান্ডুলিপি নিয়ে লিখতে মন বসে না। তারচেয়ে বরং অনলাইনে থেকে বসে বসে কবিতা লেখা বেশ সহজ। জানিনা কাব্য বিচারে কিংবা গূঢ় তাৎপর্যে কতটা পাঠকের হৃদয় স্পর্শ করবে। তবে আমার চেষ্টা ছিল স্বতঃস্ফুর্ত ও নিরন্তর। পাঠক ও শুভানুধ্যায়ী ধন্যবাদ সবাইকে।
পৃথিবী এক নষ্ট পানশালা
আহমাদ ইউসুফ
কি লগ্ন আজ কোন তিথি কে জানে
প্রকৃতির নিয়মে যখন ভাটার টানে
ছুটছি আমরা ক্রমশঃ মহাকালের পথে
পুত্র পরিজন সব ছেড়ে, শুন্য রিক্ত হাতে।
বেখবর সব, নিশ্চিন্ত মানবসত্তা
অনন্ত যাত্রার পথে, অপেক্ষায় দাড়িয়ে।
ভাবছি আমি অবাক বিস্ময়ে
শূন্য হাতে দাপুটে মোড়লকে দেখে।
এটাই নিয়তি যখন
কিইবা সমাধান? ভেবে,
ভুলো না খোদার মহিমা
কেউ জানে না কখন ভাটার টান হবে?
ক্ষনিকের অতিথি আমরা,
গাছ পাথর আর মানুষেরা।
পৃথিবী এক নষ্ট পানশালা
তাতেই বুদ হয়ে স্রষ্টাকে ভুলে যাওয়া।
এইতো প্রকৃতির নিয়ম
যেন এক মরনখেলা
কি যে মায়া! কুহকের বেড়াজাল
মোহাবিষ্ট সব নির্বোধ মানুষের দল।
ক্ষনিকের পৃথিবীর রঙ্গমঞ্চে
অভিনেতা আমরা সব জীবন নাটকে।
ব্যস্ততা শুধু দেহের কারুকাজে
কত যত্ন, আদর আপ্যায়নে।
বেমালুম ভুলে গেছি ব্যস্ততার অজুহাতে।
দুয়ারে দাড়ায়ে যমদূত যবে
আসি আসি করে ভাটায় টান মারে
তবু বেহুশ মানবকুল নেশার ঘোরে।
আহমাদ ইউসুফ
ঢাকা, ২১৫৫ ঘঃ, ০৩ সেপ্টেম্বর, ২০১৩ ইং।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



