কানের কাছে অ্যালার্মের শব্দে ঘুমটা ভেঙ্গে যায় আবিদের। হাত বাড়িয়েও যখন অ্যালার্মটা খুঁজে পায় না তখন বাধ্য হয়েই চোখটা খুলতে হয় ওর। বিছানার পাশে দাঁড়িয়ে সুদীপা, অ্যালার্ম হাতে। কাজটা নতুন নয় অবশ্য, প্রতিদিন সুদীপাকে এই কাজটা করতে হয়। আর নাহলে আবিদের ঘুম ভাঙ্গানোই মুশকিল হয়ে পড়ে। সুদীপা ভোরে উঠে ব্রেকফাস্ট রেডি করেছে, ঘর গুছিয়ে নিজেও অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছে। আর ওদিকে আবিদ এখনো ঘুম থেকেই উঠেনি!! ঘুম থেকে উঠে বিছানায় বসে আবিদ দুপাশে দুহাত ছড়িয়ে আড়মোড়া ভাঙ্গে আর বলতে থাকে, “ইস, আর একটু ঘুমাতে দিলে না, দীপমনি।”
সুদীপা চোখ রাঙানি দেয়। ওর চোখ রাঙানি খুব ভালো লাগে আবিদের। আবিদ হাসতে হাসতে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। সুদীপা ডাইনিং টেবিলে বসে অপেক্ষা করতে থাকে। প্রতিদিনের মত আজও ব্রেকফাস্ট দেখে মনটা খারাপ হয়ে যায় আবিদের, কিন্তু কিছু বলে না জানে তাতে কাজ হবে না। আবিদ সকালের নাশতায় পরোটা খেতে চায়। কিন্তু সুদীপা দেয় না, শুধু ছুটির দিনেই দেয়। প্রথম প্রথম আবিদের কাছে ভালো লাগত না কিন্তু এখন সুদীপার যুক্তির কাছে হার মেনে কিছু বলে না। সুদীপার মতে সারাদিন অফিস করবে, সকালের নাশতা ই তো দুপুর পর্যন্ত এনার্জি জোগাবে তাই হেলদি ব্রেকফাস্ট খাওয়া উচিৎ। পরোটার মত তৈলাক্ত খাবার হেলদি হতে পারে না, তাই সুদীপা নাশতার জন্য রাখে ব্রেড উইথ এগ, জুস আর এক প্রকার ফ্রুট।
আবিদ জানে সুদীপা ওর সুস্বাস্থ্যের জন্যই এই ব্রেকফাস্ট দেয় তাই আর মুখ ফুটে চায় না পরোটা। ছুটির দিন ছাড়াও অবশ্য মাঝে মাঝে সুদীপা ওকে চমকে দিয়ে ওর পছন্দের খাবার দেয়। ব্রেকফাস্ট করতে করতে নিউজপেপারটাও দেখা হয়ে যায় ওদের। তারপর একসাথে অফিসের উদ্দেশ্যে যাত্রা। গাড়ি কেনার মত অবস্থা এখনো হয়ে উঠেনি ওদের তাই রিকশায় করেই আসা-যাওয়া করে। প্রথমে আবিদের অফিস পড়ে তাই আবিদকে নামিয়ে দিয়ে যায় সুদীপা। রিকশায় উঠেই খেয়াল করে আবিদ আজকের আবহাওয়াটা খুব সুন্দর, মেঘলা আকাশ, পরিবেশটা ঠাণ্ডা ঠাণ্ডা। আবিদের মনে পড়ে বিয়ের আগে ওর আর সুদীপার একসাথে বৃষ্টিতে ভেজার মুহূর্ত। মেঘলা আকাশটা আবিদকে নিয়ে গেল ফ্ল্যাশব্যাকে।
আবিদ আর সুদীপা একই এলাকায় থাকত। শুধু মুখচেনা চিনত একে অপরকে। এছাড়া তেমন করে চেনা হয়ে উঠেনি তখনো দুজন। সুদীপা ওর থেকে ৩ বছরের জুনিয়র। কেউ কারো সাথে কথাও বলেনি কোনদিন। সুদীপার বান্ধবী সুহাকে পড়াত আবিদ। সুহার কাছে আবিদ সম্পর্কে শুনত সুদীপা। ওর টিচারটা খুব ভালো পড়ায়, অন্যান্য ছেলেদের মত হ্যাংলা স্বভাবের না, প্রয়োজন ছাড়া কথা বলে না ইত্যাদি। এগুলো শুনে সুদীপার মনে হয় ছেলেটা অহংকারী আর নাহলে এত ভাব নেয় কেন? আর মনে মনে ভাবে এমন ভাব নেয়া ছেলের ভাব ছুটিয়ে দিব একদিন। সুহার সাথে দিনের বেশিরভাগ সময় কাটত সুদীপার তাই আবিদের সাথেও মোটামুটি কথা হতে লাগল ওর। সুদীপাও খেয়াল করল কথা বলার সময় আবিদ সহজে মাথা ঘুরিয়ে তাকায় না।
একদিন কলেজের এক অনুষ্ঠানের জন্য সুদীপাকে শাড়ি পড়তে হয়েছিল। কলেজ থেকে সুহার বাসায় যায় ওরা দুই ফ্রেন্ড। আবিদের সাথে দেখা হয়েই যায় সুদীপার সেদিন। আবিদ হতভম্ব হয়ে যায় সুদীপাকে দেখে, মনে মনে ভাবে মেয়েটা এত সৌন্দর্য লুকিয়ে রাখে কোথায়? শাড়িতে আর সাজে ওকে অনন্য লাগছিল। সুদীপার ষষ্ঠ ইন্দ্রিয় বুঝতে পারে আবিদের মুগ্ধ চাহনি। মায়াময় চেহারা আর কোমরছোয়া চুল এর মেয়েটির প্রশংসা সবাই করে, কিন্তু যে ছেলেটি কখনো চোখ তুলে তাকায় না কারো দিকে সেই ছেলেটির মুগ্ধ চাহনি অন্যরকম ভালোলাগা দেয় সুদীপাকে। লাজুক ছেলে হিসেবে পরিচিত আবিদ কিছুদিন পর কৌশলে সুহার কাছ থেকে সুদীপার মোবাইল নাম্বারটা নিয়ে নেয়। সুদীপার অবশ্য তখনো অতটা ভাবান্তর আসেনি আবিদকে নিয়ে। একদিন আবিদ মেসেজ দেয় সুদীপাকে, “শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগে......আর তুমি শাড়ি পড়লে চুল খোলা রেখো।”
চলবে.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



