তোরা আমার অতি প্রিয় অতীত দিনের ময়না
তোরাই বলিস উলোট পালট ফুলকে বলিস গয়না।
শাপলা ফোটা ভোরের বাতাস শিশির ভেজা ফুল
তোদের আমি ভালোবেসে করি নি তো ভুল!
ভোরের পাখি সূর্য আঁখি
কী মায়াবী ডাকাডাকি
আলোর ছড়া ছড়িয়ে পড়ে সকাল বেলার ঘরে
নিদ্রা ভেঙে নিথর বাতাস ফুলের উপর পড়ে।
আকাশ আমার হাতের মুঠে বাতাস ভাবি তুচ্ছ
তোরা আমার সাতমণিহার আমার মালার গুচ্ছ
সূর্যকুমার গোলক ধাঁধাঁ গোল্লা গোল্লা চোখ
হাসনাহেনার গন্ধ শুঁকে হাসে পাড়ার লোক—
পাড়ার লোকের হাজার কথা হতেই পারে মানি
তোরা আমার সত্য পথিক অতীত থেকে জানি!
মেঠো পথই হালট-দালট
তবু বলিস উলোট-পালট
গোসাই বাবুর দোকানখানা গোল্লা পাড়া মোড়ে
বাবু নিজে দোকান খোলে আগুন জ্বলা ভোরে—
অতীত দিনের ময়না আমার তোরাই ভীষণ দামী
সত্য কথা বলিস তোরা বলছি তোদের আমি
উলোট পালট করিস না আর
তোরা হলি রঙের বাহার
রংধনু রং রাঙিয়ে তোরা করবি কলরব
তোদের সাথে আমার দেখা আনন্দ উৎসব ।
যখন তোরা বলবি কথা যা দেখেছিস তাই
তোরাই হবি দেশের মডেল এইটুকু আজ চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



