মার্কিন ও ভারতীয় বিজ্ঞানীদের একটি দল ধারণা করেছেন, অর্থাভাবের কারণে মস্তিষ্কের ক্ষমতা ও আইকিউ কমে যেতে পারে। এর প্রতিকারও বলে দিয়েছেন তারা। ওই দুটি দেশে বৈজ্ঞানিক পরীক্ষা চালিয়ে তারা এই বক্তব্য দিয়েছেন। নিউ জার্সির এক শপিং মলে বার্ষিক আয় ২০ থেকে ৭০ হাজার ডলার এমন প্রায় ৪০০ মানুষকে বেছে নিয়ে তাদের ওপর এই পরীক্ষা চালানো হয়।
প্রথমে তাদের বলা হয়, ধরা যাক, আপনার গাড়ি খারাপ হয়ে গেছে। সারাতে খরচ পড়বে নির্দিষ্ট অঙ্কের টাকা। কয়েকজনকে বলা হয়েছিল, মেরামতির খরচ পড়বে ১৫০ ডলার। কারো ক্ষেত্রে অঙ্কটা বাড়িয়ে ১,৫০০ ডলার বলা হয়েছিল। তারপর তাদের আচরণ ও বুদ্ধিমত্তা পরীক্ষা করতে কিছু কাজ দেয়া হয়েছিল। কম আয়ের মানুষকে যখন গাড়ি মেরামতির খরচ বেশি বলা হয়েছিল, তখন তারা সেই সব কাজ একেবারেই ভালো করে করতে পারেনি। অথচ অঙ্কটা কম বললেই দেখা গেল, অপেক্ষাকৃত দরিদ্ররাও ধনীদের মতো বুদ্ধির পরিচয় দিচ্ছে।
ভারতের ৪৬৪ জন চাষীর ওপরও দুটি পর্যায়ে একই পরীক্ষা চালানো হয়। প্রথমবার আখের বাৎসরিক ফলনের ঠিক আগে, যখন তাদের হাতে তেমন অর্থ থাকে না। আরেকবার ফলনের পরে, যখন আখ বিক্রি করে তাদের হাতে কিছু টাকা আসে। দেখা গেল, পকেটে টাকা থাকায় নিশ্চিন্ত অবস্থায় তারা অনেক বেশি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে।
বিজ্ঞানীদের বক্তব্য, দারিদ্র্যের কারণে মানুষের আইকিউ ১৩ পয়েন্ট কমে যেতে পারে। এ প্রসঙ্গে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ সেন্ডিল মুলাইনাথন বলেন, নিজের অভাব মেটাতেই মানুষ তখন এত ব্যস্ত হয়ে পড়ে, যে অন্যান্য বিষয়ের প্রতি মনোযোগ দেয়াই আর সম্ভব হয় না।
বিজ্ঞানীরা জানিয়েছেন, দরিদ্র মানুষকে সরাসরি আর্থিক ভাতা দিলে তেমন কাজ হয় না। বরং তাদের দুশ্চিন্তার বিষয়গুলি দূর করতে পারলে ফল পাওয়া যায়।
পকেট খালি থাকলে বুদ্ধি কমে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



