ভাবছি জীবনের শেষ দিনগুলো এখানেই কাটাব । ভালো জিনিস একা একা দেখা যায়, না খাওয়া যায় বলো! তোমাকে ভীষণ মিস্ করছি সুদর্শনা।
এগারো হাজার ফুট উচ্চতায় এখানে ঘন ঘন বদলে যাচ্ছে প্রকৃতি। কখনও চড়া রোদ, কখনও কুয়াশা, ঝিরঝিরে বৃষ্টি কখনও বা দমকা হাওয়া… সবুজের ক্যানভাসে সমস্ত পাহাড়শৃঙ্গ আজ তুষারসাজে। গৌরীকুণ্ডে স্নান সেরে হেঁটে ওঠার ইচ্ছে ছিল। উপযুক্ত সঙ্গীর অভাবে অগত্যা সওয়ারি হলাম ঘোড়ায়। ভাবছি, যুগ যুগ ধরে এই পথেই পড়েছে অগণন মানুষের পদচিহ্ন। কত নাম না জানা মানুষের দীর্ঘ শ্রমে পাহাড় কেটে তৈরি হয়েছে এই রাস্তা। শুনেছি, মহাভারতের পঞ্চপাণ্ডবরাও জীবন সায়াহ্নে এই পথ ধরেই একদিন মিশে গিয়েছিলেন অনন্তে। মুগ্ধ হয়ে দেখছি অফুরান অপার্থিব সৌন্দর্য। বদলে যাওয়া প্রকৃতির বিভিন্ন মুহূর্তকে ধরতে চেষ্টা করছি ক্যামেরায়।
পাহাড়ের গা বেয়ে উঠে গেছে খাড়াই রাস্তা। পেরিয়ে এসেছি দুরন্ত গতিতে এঁকে বেঁকে চলা স্বপ্নে দেখা নদী অলকানন্দা- মন্দাকিনী। পথ চলতে চলতে সর্বশক্তিমান ঈশ্বরকে জানাচ্ছি অসীম কৃতজ্ঞতা...।
তুমি সঙ্গে নেই সত্যি, কিন্তু এই পাহাড় শীর্ষের দেবভূমিতে পৌঁছে তোমাকে ভুলে থাকি কী করে! তোমার দেওয়া সবুজ মাফলারটা সযত্নে জড়িয়ে রেখেছি গলায়। সঙ্গে রেখেছি তোমার দেওয়া বিবিধ উপকরণ...লজেন্স, কাজু, মধু, কর্পূর ...
কেদারতীর্থে পৌঁছেই দর্শন করেছি কেদারনাথ। অনিন্দ্যসুন্দর পরিবেশে অসাধারণ মন্দির স্থাপত্য। রাত্রিবাস মন্দির লাগোয়া ধর্মশালায়। এই দুর্গম জনপদেও পরিপাটি এখানকার ব্যবস্থাপনা। রাতে খিচুড়ি খেয়ে হাত মুখ ভালো করে ধুতে পর্যন্ত পারিনি, জল এতটাই ঠাণ্ডা। সারা সন্ধে মন্দির পরিবেশ ছুঁয়ে ছিল সন্ধ্যারতির মাঙ্গলিক মূর্চ্ছনা... ধর্মশালার ছাদে উঠে তারা ভরা আকাশের নীচে একা বসেছিলাম অনেকক্ষণ। অনুভব করছিলাম প্রকৃতির নিবিড় সান্নিধ্য। জলে ভরে গিয়েছিল চোখ...
এখন রাত প্রায় এগারোটা। চারপাশ শুনশান। কেন জানিনা মাথাটা ধরে আছে। মোজা, গ্লাভস, সোয়েটার পরেই শুয়ে পড়েছি। লেপ- কম্বল সবই আছে। তবু ভেতর থেকে একটা কাঁপুনি অনুভব করছি।
এ যেন স্বর্গের পটভূমিতে এক বিরল রাত্রিকথার উপাখ্যান। বুঝিবা স্বপ্নের হাত ধরে আবহমানকে ছোঁয়ার এক অন্তহীন প্রয়াস। রাতের তারা ভরা আকাশে নৈঃশব্দের মধ্যে কোথায় যেন জনকণ্ঠের প্রবাহমান অনুরণন...
তোমাকে ভীষণ মিস্ করছি, সুদর্শনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


