তোমার কাছে এলে প্রায়শই ট্রেন মিস্ হয় আমার। ঘুরপথে বেশি রাতে বাড়ি ফিরি।
তুমি নিজের ওপর দোষারোপ কর। আমিও আমার আলস্যকে কাঠগড়ায় দাঁড় করাই। ট্রেন মিস করে এক অনন্য ভালোলাগার সুগন্ধি গায়ে মেখে নিঝুম রাতে এগিয়ে চলি।
সারপ্রাইজ ভিজিটে তোমাকে চমকে দিতে আমার ভালই লাগে। ঘরোয়া সাজে প্রসাধনহীন তোমাকে আরও কাছের মনে হয়। অপলক সময়ের মধ্যেই দশভূজা হয়ে তুমি একরাশ খাবারে প্লেট সাজিয়ে এগিয়ে আসো। নিজের হাতে খাইয়ে দাও খাবার। কখনও অজান্তে ব্যাগে ভরে দাও কিসমিস, কাজু কিংবা নিজের হাতে তৈরি শুকনো আমলকী। অফিস-ফেরত আমার সমস্ত ক্লান্তি উবে যায় তোমার ক্ষণিক সান্নিধ্যে।
জীবনযুদ্ধে ক্ষতবিক্ষত তুমি এখনও গেয়ে চলেছ জীবনের জয়গান। হাজারো অনিশ্চয়তায় এখনও বিশ্বাস করে বেঁচে আছে মানবিক মূল্যবোধ, আলোকিত প্রাণ।
শব্দের প্রতিমা গড়ে আমি কখনও হারিয়ে ফেলি দিশা। কখনও শঙ্কার মেঘ ঢেকে দেয় অসীম আকাশ। ভাবি, এভাবেই কী একদিন শেষ হয়ে যাবে মানুষের প্রবাহমান অর্জন, স্বপ্ন!
তুমি আমাকে ফিরিয়ে দাও আমার কক্ষচ্যুত বিশ্বাস। হাতে হাত রেখে অনন্তে মিশিয়ে দাও অঙ্গীকার...।
আমার সৃজনের মানসভূমিতে সন্ধ্যাতারার দীপ্তিতে জেগে থাকে তোমার স্বপ্ন। আবহমানের উড়ান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


