শনিবারের দুপুরে তোমার ঠিকানায় সারপ্রাইজ ভিজিট। বাড়ির সামনে এসে মোবাইলে বললাম – দরজা খোলো। বিশ্বাস – অবিশ্বাসের দোলাচল কাটিয়ে হুড়মুড়িয়ে বেরিয়ে এলে তুমি।
ফ্ল্যাটে ঢুকে দেখি তখনও তোমার চোখে মুখে সাবানের ফ্যানা। গোলাপি তোয়ালে ঢেকেছে ভিজে চুল। অসমাপ্ত স্নান নীল পোশাকের আলো – আঁধারিতে এঁকেছে বিমূর্ত ছবি। পারিপাট্যে সাজানো সতর্ক মানুষটি আজ অন্য রূপে, অন্য ঐশ্বর্যে। ড্রয়িং রুমে টিভিতে চলছে উত্তম - সুচিত্রার সাদা –কালো ক্লাসিক। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ম্যাগাজিন, হাত ঘড়ি, কবিতার বই, গিটার। অফিস ছুটির রোজনামচায় আজ যেন শুধুই ভাঁটার টান।
শুনশান পাড়া। ফ্ল্যাটে একা তুমি। ভাবছি – এভাবে বিনা নোটিসে হঠাৎ করে আসাটা অশোভন হল না তো! বাইরে খাঁ খাঁ রোদ্দুর। আইসক্রিম আর ঠাণ্ডা পানীয় কিছুটা স্বস্তি দিল আমাদের। পর পর আসা কলগুলোকে জানালাম একই কথা – জরুরি মিটিং-এ ব্যস্ত।
দ্বিধা-দ্বন্দ্ব সরিয়ে নতুন সফরের রোদ্দুর উঁকি দিচ্ছিল আমার মনে। অপলক খোঁজার চেষ্টা করছিলাম হারিয়ে যাওয়া সেই পাণ্ডুলিপি। তুমি হাসছিলে। তোমার হাসিতে ঝরে পড়ছিল লাবণ্য। তোমার দুচোখে মুহূর্তে থমকে গিয়েছিল সময়। আমার বাউল মন সেই সময় সরণী বেয়ে ভেসে চলছিল আলোকবর্ষ ঠিকানায়। মায়া জ্যোৎস্নায় তুমি ধরেছিলে গান – ‘আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে…’।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


