এক বলে ছয় রান দরকার । ব্যাটসম্যান
জাভেদ ওমর । বোলার বল করলেন ।
ফুলটস .... দেখে শুনে ছেড়ে দিলেন
জাভেদ । কোন রান হল নাআআআ !
: জাভেদ ওমরেরর চাকরি হওয়া উচিৎ
ডিফেন্সে । কারণ উনি ভালো ডিফেন্স
করতে পারেন ।
: জাভেদ ক্রিকেটার না হয়ে ফুটবলার
হলে কোন পজিশনে খেলতেন ?
: নিশ্চয়ই ডিফেন্সে !
এমন অনেক রসিকতাই আমি জাভেদ
ওমরকে নিয়ে করেছি , করি । কিন্ত এটাও
সত্য যখন বাংলাদেশের মূল লক্ষ্য
থাকতো ৫০ ওভার খেলা তখন জাভেদও
ছিলো আমার পছন্দের ব্যাটসম্যান ।
তখন ক্রিকেট খেলে টাকা আয় করার
কথা ভাবে নাই কেউ ।
ভালোবাসা থেকেই ক্রিকেট
খেলতো বুলবুল , আকরাম , আতহার , সুমন , সুজনরা । জাভেদও তাদের মতই ।
কালের
বিবর্তনে বাংলাদেশের
ক্রিকেটারদের কাছ থেকে আমাদের
চাহিদা বাড়লো । জাভেদও পরিণত
হলেন আমার অপছন্দের ব্যাটসম্যানে ।
শট খেলতে পারে না , হিট করে না ,
রানও করে না মোট কথা তাকে আর
ভালোই লাগে না । বাদ পড়লেন ।
অবহেলায় অবসরও নিলেন । এত দিন পর
আজকে প্রীতি ম্যাচ আয়োজনের মধ্য
দিয়ে আনুষ্ঠানিকভাবে ঘরোয়া ক্রিকেট
থেকেও অবসর নিলেন জাভেদ ওমর ।
সেটাও এমনই আনুষ্ঠানিকতা যে , কেউ
জানলোই না !
জাভেদ ওমর 'সেই রকম' স্টার নন । তার
অবসরে ফেসবুকে স্ট্যাটাসের ঝড়
দূরে থাক , দু এক ফোঁটা বৃষ্টিও পড়ে না ।
হাজার হাজার মাইল দূরে জ্যাক
ক্যালিসরা অবসর নেয় , আমাদের
প্রোফাইল পিকচারে আসে তাদের ছবি ।
জাভেদ ওমরের অবসরে কারও প্রোফাইল
পিক বদলায় না । অথচ এই জাভেদ
আমাদের দেশেরই মানুষ । চায়ের
দোকানে , কোন পত্রিকা অফিসের
লিফটে , কাঁচা বাজারে , ঈদের
শপিংয়ে হঠাৎই আমাদের
সঙ্গে জাভেদদের দেখা হয় ।
ধাক্কা লাগে । কিন্তু তাদের বিদায়
আমাদের স্পর্শ করে না । বহুদূরের
ক্যালিস , পন্টিংয়ের বিদায়ে আমাদের
চোখে পানি চলে আসে । তারাই যেন
আমাদের আপনা লোক । জাভেদ ওমর
আমাদের কেউ না ।
পুরান বলে যখন আর উইকেট পড়বে না ,
তখন অধিনায়ক নতুন বল নেবেন এইটাই
স্বাভাবিক । জাভেদও হয়তো এখন
কোচিং করাবেন নতুনদের । তার
অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই অনেক
নতুন ব্যাটসম্যান হয়তো জাতীয়
দলে আসবে । আমি নিশ্চিত , এক বলে ছয়
রান দরকার
হলে তারা দেখে শুনে ছেড়ে দেবে না ,
জান দিয়ে ছয় মারার চেষ্টা করবে ।
তাদের পেছনে তো জাভেদরা ছিলো ।
কিন্তু জাভেদদের পেছনে কেউ ছিলো না ।
'রস+আলো অবলম্বনে ।'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



