
নীরব আমি কঠিন
রাত্রি আমি ভয়ঙ্কর
নিলাভ আমি দুঃস্বপ্ন
চারপাশ এক আঁধারে, এক ধ্যানে নিভে যায় ঘিরে থাকা নক্ষত্র
বিন্যস্ত ব্যাখ্যাগুলো ডুব দেয় একটি চেনা পথে, চেনা বিভ্রান্তে
জমে থাকা কাপগুলো নীরবে চেয়ে থাকে নিষ্কৃতির অপেক্ষায়
বাড়ছে তাদের সুহৃদ, নীরবে, নিমগ্নচিত্তে
বলেছিলাম তাদের, পড়ে ভেঙ্গে যাও...
ওরা বলে, আত্মহত্যা মহাপাপ !
কীসের এতো যন্ত্রণা ? কা্র কাছে এতো ঋণ?
কে এঁকেছে এই হৃদয়ের নকশা ?
তুমি ? তোমরা ? অথবা তোমরাহীন অন্যকিছু ?
শর্তহীন এই অদৃশ্য ধাঁধাঁয় খুঁজে ফিরি আমি দরজাহীন ঘরের একটি জানালা
গ্রীলের এপাশে বসে আকাশ দেখবো, দেখবো তার নগ্ন দিবারাত্রির সৌন্দর্য
ছুঁতে ইচ্ছে হবে, কপাটের কীলক লাগিয়ে দেব তবে !
পড়ে যাওয়ার ভয় নেই, থাকবে না কোন হারানোর বৃষ্টি ।
আমার একটি মৃত্তিকার আলমারি থাকবে
আলমারির মধ্যে অনেকগুলো ঘর থাকবে
যেন যায় মুছে এক জীবন উদ্দেশ্যহীন, অনায়াসে
সব ইচ্ছে, আবেগ, অনুভব, লালসাকে ঘরগুলোয় রেখে দেব
ঠিক যেমন সবাই নিরাপদ করে রাখে তাদের মূল্যবান সম্পদ
অতঃপর গচ্ছ্বিত সম্পদের উষ্ণ বাতাস গায়ে মেখে-
নিশ্চিন্ত হাসিখুশি মন নিয়ে ঘুরে বেড়ায় এদিক ওদিক !
ঠিক তেমনি,
তাদের আমি গচ্ছ্বিত রেখে নিশ্চিন্ত হৃদয়ে জানালার কপাট খুলে আকাশ দেখবো
তার নগ্নতা দেখবো, তার সৌন্দর্য দেখবো চোখ জুড়িয়ে
কেউ পারবে না বলতে তাদের কাছে কোন ঋণ আছে আমার নাহি আমার কাছে তাদের !
ছবি কৃতজ্ঞতা- নেট ।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


