
দৃষ্টির অগোচরে সময়হীন এক নিশাচর- বক্ষে ধারণ করা অজস্র পরাণ
সন্ধি প্রস্তাব নিয়ে নুয়ে পড়া পদ যুগল সিঁড়ি পেরিয়ে ভূ-পৃষ্ঠে পদার্পণ
বিশুদ্ধ নিত্যের শত গুঞ্জরণ উপেক্ষা করে একটি তিলক ফুটেছে মধ্যাকাশে
কার জন্য ? যে বাস করে দেহে অগণিত বর্ষের গুল্ম নিয়ে অদৃশ্য আবাসে
মানববর্ষগুলো যার হৃদয়ে এঁকে দিয়েছে অজস্র সমর ছল ছুতোয় টাল বাহানায়
নেশাক্ত চক্ষে সে এখনো তাকিয়ে থাকে আরো বিষম কিছু গিলে নেয়ার জন্য
এই নেশা কোন যুবকের নষ্ট ছলনার সর্বনাশ নয়, কোন যুবতীর প্রত্যাখিত আত্মহনন নয়
এই নেশা মানবসভ্যতার বিলাসিতা থেকে পাওয়া অব্যাক্ত ত্যাগের নেশা ।
অতঃপর, তার সন্ধি প্রস্তাবে পূর্বের ন্যায় ধ্বংস, উড়ছে ধূসর ছাই, অগ্নির আয়াস...
তার দেহে সভ্যতার অহংকার, নিঃস্বতার অসীম বুভুক্ষা, নিরীক্ষার ভাবহীন ছায়া
অদূরে স্বপ্নভঙ্গ হলে যেন দীর্ঘশ্বাস তেড়ে আসে তীক্ষ্ণ শিকারির ছুড়ে দেয়া ধনুকের বেশে
সন্ধ্যার সোনালী রঙে ভেসে উঠে নীল হাসির কায়া, খোলা দিঘল চুলের ইতিহাস হয় বর্ণিত
স্থির চোখে এক ফোঁটা রক্ত সমর্পিত হওয়ার ক্ষণে এক ছদ্মবেশী একছটা আলো ঢেলে দেয়
সেই আলো গিলে খায় রক্তফোঁটা, মুক্তি পায় জীবন্ত মানবদেহের অন্ত্যেষ্টিক্রিয়া ।
সে চায় না কোন তীব্রতা, সে চায় দীপ্ততা, আলো আঁধারের একক উজ্জ্বলতা
তাই তার সন্ধি প্রস্তাবে ফিরে আসে বারংবার ধ্বংস, সে ধ্বংস করে মানবদেহের বিপদগামী হৃদয়গুলো
সন্ধি প্রস্তাবে পূর্বের ন্যায় সই হয়ে গেলে সে তা উড়িয়ে দিয়ে প্রস্থানে জয়রঙ মেখে ফেরে তার গন্তব্যে
কিন্তু তার এই অহংকারতুষ্ট স্বল্প কালক্ষেপণে উলটপালট হয়ে যায় অনেক ছন্দ অন্বেষী হৃদয়
সে কিছুই জানতে পারে, সে মনযোগী হয় প্রফুল্লচিত্তে অতীত কর্মযজ্ঞে, অভিলাষী হৃদয়ের ঝরে পড়া রক্ত হননে
কিন্তু সে তো জানে না এই হৃদয় মৃত, সে তো জানে না শুধু মৃত হৃদয়েরই রক্ত ঝরে ।
প্রশ্নের অস্থির ধারপ্রান্তে এসে কৌতূহল ঝরে, এই আলোচিত 'সে' কে !
উত্তর আসে, 'সে' তুমি আমি অথবা আমরা !
এই কবিতা যখন ছাপা হলো আগামী ভোরের দৈনিকে
কবিতাপ্রেমীরা হুংকার দিয়ে উঠলো, এই অথর্ব কবি কে ?
কী সব আজেবাজে কবিতা ছাপা হয় আজকালকার দৈনিকে !
শত নিঃশ্বাসেও এই কবিতার কোন অর্থ কেউ খুঁজে পেল না
অতঃপর পরের দৈনিকে কবি দুই চরণ লিখে দিলো-
'বিশ্বাস করো এই কবিতার অর্থ আছে, আমি একটুও মিথ্যে বলছি নে ।'
ছবি কৃতজ্ঞতা- নেট ।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



