
অথচ দেখো, কী আশ্চর্য !
ওদেরকে কাছে পাওয়ার জন্য কত ব্যাকুল আমি,
চারপাশে ঘুরি নির্লজ্জ- একটু স্পর্শ, একটু উষ্ণ নিঃশ্বাস...
অথচ, কেউ যেন দেখতে চায় না আমাকে,
ছুঁতে চায় না আমাকে, জড়িয়ে নেয় না !
অতি তুচ্ছ বিষয় নিয়েও সবাই যায় চলে
কতটা অধম আমি !
শুধু চিৎকার করে বলতে পারি এটুকু-
আমি তোমাদের সেই হাসি
আমি তোমাদের সেই প্রেম
আমি তোমাদের সেই ----
নিঃশ্বাস ভরা কন্ঠে গেঁথে যায় আরো একটু অবিশ্বাস।
আমাকে তাদের কেন যেন এখন প্রয়োজন নেই ?
কোন এক সময় ছিল, আমিহীন সব অপ্রয়োজন, অর্থহীন !
আমাকে বদলে দিয়েছে ওরা সামান্য মৃত্তিকার বিনিময়ে
পথে পথে দেখা মেলে কতশত প্রিয়জন
আমাকে না দেখার ভান করে যায় চলে
আমি তাকিয়ে থাকি তাদের বিপরীত আত্মার দিকে- নিষ্পলক
একটু পেঁছন ফিরে কেউ একজন বলার আকাংখা হৃদয়ে চেপে-
আমি তোমাকে বেশ চিনি, বেশ চিনি !
কিন্তু দেখেনি কেউ পেঁছন ফিরে- পুড়ছে একটি হৃদয়
আমি বড্ড অচেনা, আমি বড্ড অস্পষ্ট
কুয়াশার মত, ঘোলাটে জলের মত, মেঘাচ্ছন্ন চন্দ্রের মত ।
মাঝে মাঝে ঘুম ভেঙ্গে চমকে উঠি-
ওদের হাসির শব্দে, হইহুল্লটের শব্দে !
ওরা আলো জ্বেলে রেখেছে, লাল নীল রঙে রঙিন চারপাশ
অলংকার মেখে প্রকৃতি ওদের সঙ্গ দিচ্ছে বেশ
আমাকে ভুলে ওরা বড্ড আছে, কীভাবে পারছে ওরা !
হঠাৎ পেঁছন থেকে কেউ একজন ডাকে আমাকে
আমি অস্থির হয়ে তাকাই পেঁছন ফিরে
আবেগে আমার চোখের জল গড়িয়ে পড়ে
কেউ একজন আমাকে চিনেছে,
আমার নাম ধরে স্পষ্টভাবে ডেকেছে !
আঁধারের আঁকা একটা দেহ, ঠিক আমার ঘরের মত আঁধার
ও বলে, কেনো এখানে দাঁড়িয়ে আছো তোমার ঘর ফেলে?
আমার উত্তরের অপেক্ষা না করে সে আবার বলতে লাগলো-
তোমার কী মনে পড়ে সেদিনের আলাপ,
কেউ একজন এসেছিল তোমার কাছে ভিক্ষে চাইতে ?
তাঁর মুখে না ছিল করুণা, না ছিলো অস্থিরতা।
শুধু হাত পেতে ছিলো, ছদ্মবেশী অযাচিত
এ ভিক্ষে তুমি দিতে পারো নি ফিরিয়ে
তার হাতে তুলে দিয়েছিলে তোমার এ ঘরের চাবি
তাই আজ তুমি ঐ রঙিন ঘর ছেড়ে এই রঙহীন ঘরে ।
আমি সব মনে করতে পারছি, কিন্তু সে ভিক্ষুক কে ছিলো ?
ও বলে, সে আমি ছিলাম
আমি অস্থির হয়ে উঠি, আমার শরীর কাঁপতে থাকি
সে আরো বলে,
তুমি ভয় পেও না, ও ঘর থেকে আজ তোমার এই ঘরে আরো একজন আসবে
তোমার জন্য আনন্দের, তুমি আর সঙ্গীহীন থাকছো না !
আমি কাঁপতে কাঁপতে প্রশ্ন করি, তুমি কে ?
সে উত্তর দেয়, আমি মৃত্যুদূত !
আমার হৃদয় পুড়তে থাকে, দেহের মৃত্তিকা খসে পড়ছে
আমি তাকে জিজ্ঞেস করি, তুমি কেমন ভিক্ষুক ?
সে বলে, আমি অতি নৃশংস ভিক্ষুক, হাত পেতে ফিরি না আমি শূন্য হাতে।
আমি এগিয়ে যাই ওকে রুখতে
যে কোন মূল্যে হোক আমি তাকে ও ঘরে যেতে দেবো না
কিন্তু আমি ওর কাছে যেতেই পুরোপুরি খসে পড়ি
কর্ণ দু'টো খসে পড়ার পূর্বে শুধু শুনেছি তাঁর মুখ থেকে তাচ্ছিল্যে,
হাহ, মূল্যহীন পরিত্যাক্ত !
আর চোখ দু'টো খসে যেতে যেতে দেখেছি, ও ঘরে আলো গেছে নিভে...
ছবিবন্ধু- গুগল ।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



