আমি তোমাকে সব দেখাব।
সকালের এই রোদ তোমার কাছে মিষ্টি বলে মনে হতে পারে।
আমি তোমাকে দেখাবো ,কিভাবে এই রোদ পোড়ায়
কিভাবে তার তীব্রতা আঁচড় কাটে
এই বেলাভূমি তোমার কাছে সুখের আধার মনে হতে পারে
আমি তোমাকে সব দেখাব।
কিভাবে এই ঢেউগুলো সব ভেঙ্গে দেয়
ভেঙ্গে দেয় শিশুর খেলাচ্ছলে বানানো বালির প্রাসাদগুলো
মাঠের সব ঘাস তোমার কাছে সমান মনে হতে পারে
আমি তোমাকে সব দেখাব।
আমি তোমাকে দেখাব কিভাবে উদ্ধত কোন এক ঘাসের ডগা লম্বা হয়ে যায়
এবং নিজের অস্তিত্ব জানান দিতে থাকে
গানের এই বীটগুলো তোমার কাছে উচ্ছ্বাসকর মনে হতে পারে
আমি তোমাকে সব দেখাব।
আমি তোমাকে দেখাবো স্পীকারের ডায়াফ্রামের মাতলামি
কিভাবে সে ক্রমশ কেঁপে উঠছে , নিজের ইচ্ছার বিপরীতে
এই মুহূর্তগুলো তোমার কাছে অনেক বড় বলে মনে হতে পারে
আমি তোমাকে সব দেখাব।
আমি তোমাকে দেখাব এই প্রাপ্তিগুলো আসলে কতটা তুচ্ছ
যে প্রাপ্তিগুলোর জন্য নিজেকে মহান ভেবে
সুখের ভেলায় ভাসতে থাকো ।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১২ রাত ১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


