মায়ের ছুটি
অবশেষে ছুটি মিলল মা
সেই কবে বালিকা বয়সে
পুতুলের সংসার ভেঙে দিয়ে
লম্বা আঁচলে ঘোমটা টেনে
বধূ সেজে এসেছিলি!
তারপর এই হলো ছুটি।
কংকালসার নিথর হয়ে পড়ল যখন তোর দেহটি।
মাঝখানের এতটা বছর ধরে
সংসার চাকার ঘূর্ণায়মান স্রোতে
নিজের সব চাওয়াকে বিসর্জন দিয়ে
চিরন্ময়ী একজন মা হয়ে উঠলি।
পেছন ফিরে নিজকে দেখতে চাইলি
সন্তানদের মানুষ হয়ে উঠার প্রতিকৃতিতে।
সুখী হয়েছিস তুই মা?
ক্ষয়ে যাওয়া শরীরে এসবের সার্থকতা দেখে ?
কিন্তু আমাদের এই ক্ষমতা কোথায়
তোর সার্থক হয়ে উঠাকে মূল্যায়ন করব ?
তুই আমাদের ক্ষমা করে দিস মা
ক্ষমা করে দিস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



