ভীড় ঠেলে হুড়মুড় করে বাসে উঠে শফিক। ওঠার পর কি মনে করে হিপ পকেট এ হাত দিতেই বুকের মাঝে ছ্যাত করে ওঠে শফিকের, মানিব্যাগ টা নেই! দ্রুত হাতে বাকি পকেট গুলো চেক করে শফিক, এক বার দুবার করে বেশ কয়েকবার মানিব্যাগটা হাতড়ে হাতড়ে খুজে শফিক, নাহ কোথাও নেই মানিব্যাগ! হঠাৎ করে খুব কান্না পায় শফিকের। মানিব্যাগটা যে বাসে ওঠার সময় পকেটমার নিয়ে নিয়েছে ব্যাপারটা আত্মস্থ করতে কিছুটা সময় লাগে শফিকের। টাকা পয়সা তেমন ছিল না, বেকারের মানিব্যাগ হিসেবে ২০০ টাকার মত ছিল, মনটা খারাপ হয় আইরিনের ছবিটার জন্য। এই শেষ স্মৃতি ছিল আইরিনের, কোন এক পহেলা বৈশাখে তোলা ছবি। সারারাত কথা বলে সকাল বেলা তারা দেখা করেছিল, সারাদিন একসাথে বলেছিল অনেক না বলা কথা, দেখেছিল অনেক রঙ্গিন স্বপ্নগাথাঁ, নতুন এক রঙ্গে জীবন কে রাঙ্গায়িত করার প্রতিশ্রুতি দিয়েছিল শফিক আইরিন কে, আইরিন শফিক কে।
দিন শেষে তারা গিয়েছিল হলিউড স্টূডিও তে। মোবাইল কিংবা ডিজিটাল ক্যামেরা কোনটাই সহজলভ্য ছিল না তাদের যুগে, তারা ঠিক করেছিল, তারা প্ল্যান করেছিল, তারা এভাবে আসবে, শফিক পড়েছিল সাদা-কালো পাঞ্জাবী, আইরিন লাল পাড়ের সাদা শাড়ী, মেয়েদের নাকি এরকমই পড়তে হয় বর্ষবরণের এই উৎসবে। হলিউড স্টুডিওতে গিয়ে তারা ছবি তুলেছিল, শফিক ছিল আইরিনের বাহু বন্ধনে। আইরিনের নাকে নাকফুল ছিল, আইরিন জানত শফিকের নাকফুল অনেক পছন্দ। হলিউড স্টুডিওতে খাড়া করে দাঁড় করিয়ে রাখা রৌদ্রজ্জোল অরন্যের বিশাল ক্যানভাসের সামনে দাঁড়িয়ে থাকা এক জোড়া কবুতরের মত লাগছিল নাকি তাদের, অন্তত আইরিন এটাই বলেছিল শফিক কে! পাখা নেই দেখে কি সেই আফসোস আইরিনের, নাকের নাকফুলে বোধহয় ক্যামেরার ফ্ল্যাশ পড়েছিল, কাচের বর্ডার দেয়া পাথর বসানো নাকফুল হীরা ভেবে ভ্রম হত মাঝে মাঝে শফিকের!
ঐ শ্যামলা মেয়ের জন্য কত কি করেছে সে!! সিগারেট খেয়ে হাজারবার কুলি করে বন্ধুদের কাছে বহুবার হাসির পাত্র হয়েছে সে, একটুখানি ঝগড়া হলে অভিমানীর মান ভাঙ্গাতে সারারাত দাঁড়িয়ে থাকত সে তাজমহল রোডে আইরিনের বাসার সামনে, এ নিয়ে আইরিনের পাড়াত ভাইদের অনেক ঝাড়ি, চোখ রাঙ্গানি নির্বিবাদে মেনে নিয়েছে সে! জীবনে প্রথম সিগারেট খরচ বাচিয়ে আইরিন কে কিনে দেয়া শাড়ীতে পাশাপাশি দাঁড়িয়ে দুজনে ছবি তোলা!! আইরিনের টিউশনির খরচে কেনা পাঞ্জাবী, ঝুলটা একটু বড় হয়ে যাওয়াতে প্রথমবারে শফিক কে লাগছিল কাবুলিওয়ালাদের মতন! সে কী হাসি আইরিনের, এরপর সে বলেছিল আমাকে দিও, আম্মুর সেলাই মেশিনে আমি নিজেই ঠিক করে দিব তোমাকে! দিয়েছিল সে, কাঁচা হাতেই কেটে ঠিক করে সেলাই দিয়েছিল পাঞ্জাবীতে!
এরপর বহুদিন কেটে গেছে, অনেক পহেলা বৈশাখ এসে চলে গিয়েছে, স্বপ্নগুলো অনেক আগেই বিস্মৃত হয়েছে, বৃস্টি আর ঘামে ছবিটাও ফ্যাকাসে হয়ে গিয়েছে, তবু আইরিন কে মাঝে মাঝে মানিব্যাগ থেকে বের করে সে দেখত, কখনোই তার বিরক্ত লাগত না দেখতে। ছবিতে জাদু ছিল কিনা শফিক জানেনা, ছবিটা কখনো পুরনো হয়নি শফিকের কাছে, দু একবার কি ভুলে চুমু খেয়েছিল কি শফিক ছবিতে? আইরিনের পাথর বসানো নাকফুলে, কিংবা লিপিস্টিকের রঙ আকাঁ ঠোটে,হবে হয়ত! একটা ছবি, কত স্মৃতি!!
আইরিন এভাবেই একদিন হারিয়ে গিয়েছিল শফিকের জীবন থেকে, পকেটমারের মত করেই কেউ ছিনিয়ে নিয়েছিল আইরিন কে। যেদিন আইরিন তাকে বলেছিল-শফিক আমি আর তোমাকে অনুভব করতে পারছিনা, না শরীরে না মনে, কিছু বলেনি সেদিন শফিক, বরং মৃদু হেসেছিল, বাসায় এসে টেক্সট করেছি্ল -প্রবাস জীবনে সুখী থেকো, যাকে নিয়ে সুখী হতে চেয়েছ তুমি তাকে নিয়েই সুখী থেক, তোমার সুখেই আমার সুখ, হানি! সেই শেষ!
আজ আইরিনের শেষ স্মৃতিটুকু হারিয়ে গেল তার জীবন থেকে, প্রথম দিকে না পারতে ফোন দেয়াতে আইরিন যখন মুখের উপর বলত রঙ নাম্বার, তখন থেকে ছবির আইরিন হয়ে গিয়েছিল তার প্রেমিকা। শুধু বৃস্টি আর ঘাম নয়, অনেক ফোটাঁ চোখের জল ও ভিজিয়েছিল ছবিটি, নীরবতা সম্মতির লক্ষন বলে বারংবার চোখের জলে ভিজিয়েছিল ছবিটি! কখনো কোন আপত্তি করেনি ছবির আইরিন!
ছুটে যাওয়া বাসের জানালা দিয়ে তাকায় শফিক, আকাশে মেঘ করেছে, বৃস্টি নামবে, বুকের মাঝে সব কিছু সহ্য করার ক্ষমতা জন্ম দেয়ার চেস্টা করে শফিক। মন কে প্রবোধ দেয়, রক্ত মাংসের যে আইরিন কে সে ধরে রাখতে পারেনি অন্যের কাছ থেকে, চেস্টা করেও বলতে পারেনি আইরিন তোমাকে ছাড়া আমার পৃথিবী বড় অসহায়! রাগ করতে পারেনি আইরিনের উপর, কিংবা আইরিনের নতুন সম্পর্কের উপর, আজ ছবির আইরিন কে পকেট মার নিয়ে যাওয়ায় তার উপর কি করে সে রাগ করে!
তবুও, একটা ছবি, কত স্মৃতি!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

