কলম’টা একটু ধার দেবেন?
কিংবা ক’টা লাইন?
অনেকক্ষন চেষ্টা করছি, হচ্ছে না!
আমি চাইছি কবিতা লিখব!
অথচ ফিরে ফিরে আসছেন আপনি!!
কবিতা যেন চুয়ান্ন ধারায় আটকে গেছে,
ভালোবাসার আদালত প্রেমিকদের দিয়েছে
তিনশ দুইয়ের দন্ড! কিভাবে বলতে পারলেন?
প্রেমিকেরা সব ভন্ড? তাদের ধারা চারশো বিশ?
মন চুরিতে আটকে দেবেন? তাহলে তিনশ দুই ই সই!
আমি চাইছি মৃত্যুদন্ড!
আধখাওয়া সিগারেট টাই নাহয় দিন!
লিপস্টিক দেয়া ঠোটেঁ সিগারেট বড্ড বেমানান!
ধোয়াঁয় নাকি চিন্তা পরিস্ফূটিত হয়!
চুমুতে যখন কারফিউ দিয়েছেন,
ধোঁয়াতে কেন আপত্তি? ধোঁয়াই সই!
দেখুন, কবিতা আমি লিখবই, প্রেমিক হতে না পারি
বিপ্লবী হলাম নাহয়, সেখানে ফিরে ফিরে
আপনিই আসবেন!
আপনারইতো আসার কথা, তাই না?
আদালত অবমাননার থোড়াই কেয়ার করছি!
মৃত প্রেমিকেরা আদালতের ভয় পায়না!!
আপনাকে ভয় পায়!
তারা মৃত্যুদন্ডকে হাসি মুখে মেনে নেয়
পারেনা শুধু সহ্য করতে, এই আপনার ইগনোরেন্স!
আপনি কিন্তু দায়ী রইলেন! কিসের দায়?
না বোঝার ভান করে আর কতদিন, বলুন?
ভালোবাসার!!!
আমি ভালোবেসেছিলাম আপনাকে,
হয়ত ছিল আপনারো কিছুটা অভিনয়!
তাই আবার বলছি,
কলমটা ধার দিন! ওড়নাটা পেতে দিন!
ওই আচঁলে কবিতা লিখব, প্রেমোদ্রোহী হব!
আর আপনার দেয়া সকল রায়
হাসিমুখে মেনে নেব!
আমাকে যে লিখতেই হবে!
আপনি নাহয় অভিনয় করেছিলেন,
কবিতা তো কখনো করেনি!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



