বিহ্বল চোখে যেই হয়েছি নির্বাক
ঘুরে গেল আচানক তটিনীর বাঁক
কে যেন ডাকে ওই আয় ফিরে আয়
বলে শুনি বসে আছি তোমার মায়ায়।
চেতনায় ঘোর লাগে চেয়ে থাকি চুপ
কী কারণে এ কপাল হয়েছে বিরূপ?
সারা বেলা ভাবনায় আছে সে অনুপ
মনো-বাতায়নে জাগে প্রেমের স্বরূপ।
সেই থেকে নদী তীর আমার আপন
ছুটে যাই মানি না তো ঝড়ের বারণ
জল পথে কত নায়ে চড়েছি আশায়
পাব তারে সে-ই তীরে কদম ছায়ায়।
একদিন চেয়ে দেখি নিজের ভেতর
আমারই মায়াবনে নয় তো সে পর
বদলে গেছে কেবল মোহিনীর মুখ
সবুজ অপার বনে পেয়ে গেছি সুখ।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৫ রাত ১১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




