ভেবেছিলাম
এই শহরের যেদিন বৃষ্টি হবে
তুমি ফিরে আসবে,
যেমন করে ঝর ওঠে
মেঘ জমা কোনো সিক্ত বিকেলে ।
আমি তখন জানালার ধারে,
চায়ের কাপে বৃষ্টির ফোটারা
জলকৌড়ির মতো ডুবডুবি খেলে।
আর আমার কথাগুলো জমে থাকে
ছাল উঠে যাওয়া ডায়েরির ভাঁজে ভাঁজে।
তোমাকে ভেবেছিলাম, বলবো
থাকো আরেকটু, এই ভেজা সন্ধ্যায়।
কিন্তু তুমি এলে না,
শুধু বৃষ্টি এসে দরজায় কড়া নেড়ে গেলো।
তারপর থেকে
বৃষ্টি হলেই আমি চুপ হয়ে যাই,
রাস্তার কোটরে ছলকে ওঠে জলে
আপদ মস্তক ভিজে যাই,
নিজেকে বড্ড অচেনা লাগে।
কেউ যদি শুধয়, কী হারিয়েছ?
আমি হেসে বলি
কিছু না, সামান্য মেঘলা আকাশ,
যা কখনো আমার ছিল।
রাতে ঘুম ভাঙলে শুনি
জলে ভাসা ছাদে ছপাত শব্দ
আমি চোখ বুজে রই
আমি কান পেতে রই
তুমি ধীরে ধীরে দূরে সরে যাও,
যেমন করে স্বপ্নরা পালায় ভোরের আলোয়।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



