এই তো ছিলাম মানুষ
এই তো ছিলাম সিক্ত দুপুরে ঝরঝরে সাইকেল ঠেলে
কলেজ স্ট্রিটের গলিতে গলিতে ঘুরতাম।
এই তো বুকপকেটে ছিল একখানা নীল খাম,
তার ভিতরে শিউলি ফুলের গন্ধ
আর অসমাপ্ত বিপ্লব।
এই তো সন্ধ্যাবেলায় বাসের জানালায় মুখ রেখে
দেখতাম শহর কেমন ধীরে ধীরে
নিজের শরীর বদলে নেয়।
মানুষ থেকে বিজ্ঞাপন হয়,
প্রেম থেকে কিস্তি।
আমি তখনও বিশ্বাস করতাম
একদিন সমস্ত অন্ধকারের ছুটি হবে।
এই তো একদিন
তোমার ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে
শুনেছিলাম বৃষ্টির শব্দ।
ভাবলাম, পৃথিবী বোধহয়
এখনও পুরোপুরি মরে যায়নি।
তারপর একদিন খুব ধীরে
আমাদের চারপাশে দেয়াল উঠলো।
বন্ধুরা চাকরি পেল, কেউ বিদেশ গেল,
কারো জানাজার খবর এলো ।
আমি শুধু রাত জেগে
শহরের ভাঙা রাস্তার দিকে তাকিয়ে রইলাম।
দেখলাম, নদীও একসময়
নিজের সিমানা ভুলে যায়।
এই তো ছিলাম মানুষ, এই তো ছিলাম প্রেমিক,
একটা কম্পিত হাতের ভিতর
নিজের সমস্ত ভবিষ্যৎ রেখে দিয়েছিলাম।
এখন মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে মনে হয়
আমার ভিতরে কে যেন
ধীরে ধীরে খড়কুটো নাড়িয়ে
একটা পরিত্যক্ত পাখির বাসা বুনছে।
তবু জানো, আজও কোনো দূরের ট্রেনের হুইসেল শুনলে
আমার মনে হয় কেউ একজন ফিরে আসবে,
হয়তো তুমি, হয়তো হারিয়ে যাওয়া কেউ,
যারা একদিন সত্যিই বাঁচতে চেয়েছিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

