আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই আমাকে ডাকে।
প্রথমবার আমি জন্মাই মানব দেহে,
মায়ের কোলে, ধুলো, রোদ, ক্ষুধা, প্রেমে।
দ্বিতীয়বার জন্মাই স্মৃতির ভেতর
যেখানে মৃতরা জীবন সাগর পারি দেয় ,
ফেলে আসা মুখগুলো জানালায় ছায়া ফেলে।
আমি বুঝতে পারি,
ফিরে যাওয়া বলে কিছু নেই,
যে ঘরে ফিরি, সে ঘর আকাশের মতো বদলে যায়।
তখন আকাশের দিকে তাকাই,
একটি নীল দরজা খুলে আছে বহুদিন।
সেখানে কেউ অপেক্ষা করছে না,
তবু অপেক্ষার অনুভূতি আছে।
সমস্ত যাত্রার শেষে,
আমরা হয়তো কোনো গন্তব্যে পৌঁছাই না,
শুধু নিজের চারপাশে আরেকটি বৃত্ত এঁকে নিই।
আর সেই বৃত্তের কেন্দ্রে
একটি নবজাতক বসে থাকে
যে তখনো কাঁদেনি,তবু তার চোখে জেগে আছে
দ্বিতীয় জন্মের দীর্ঘ প্রতিক্ষা।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


