আমার আত্মার একটা ভাড়া বাসা আছে,
বাড়িওয়ালা প্রতি মাসে ভাড়া চায়।
তিন মাস ধরে বেকার,
এখন উচ্ছেদের নোটিশের অপেক্ষায়।
ঢাকার রাস্তায় এখন প্রচুর মানুষ,
শুধু মানুষগুলোর ভেতরে মানুষ কম।
ফুটপাতে দাঁড়িয়ে একজন জীবন বিক্রি করে,
কিস্তিতে যেখানে জীবন মেলে ।
একদিন সুখ কিনতে গেলাম।
দোকানদার জাতীয় পরিচয়পত্র চাইল?
বললাম, হারিয়ে ফেলেছি।
লোকটা হাসল। বুঝলাম, লোকটা অভিজ্ঞ ব্যবসায়ী।
আমাদের সম্পর্কটা আসলে খারাপ ছিল না,
শুধু দুজনের চাওয়া আলাদা ছিল।
তুমি চাইলে আকাশ, আমি চাইলাম ছাদ।
দুজনেই বৃষ্টিতে ভিজেছি,
তোমার কাছে সেটা কবিতা,
আমার কাছে নিউমোনিয়ার উত্তাপ।
মাঝমধ্যে সন্ধ্যায় চায়ের দোকানে বসি।
রাজনীতি নিয়ে কথা বলি,
দেশ নিয়ে উদ্বিগ্ন হই,
নেতাদের গুষ্টী উদ্ধার করি।
তারপর চায়ের বিল না দিয়ে
দোকানদারের কাছ থেকে পাঁচ টাকা ধার করি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




