আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে। আমারো যাবার সমায় চলে এলো। আর ২ কি ৩ মাস। এরপর আমিও এই আস্তানা ছেড়ে চলে যাব। পুরাতনদের মধ্যে উইন ভাই আর প্রতীক ভাই হয়তো থাকবেন আর বছরখানেক। তারপর যে যার যার পথে নেমে যাবেন। আস্তে আস্তে সবাই চলে যাবে.........
আমি এই মেসটাতে আছি আজ প্রায় ৫ বছর। ভার্সিটি জীবনের প্রথম ৬ মাস ছিলাম সুবিদবাজারের একটা মেসে। এরপর চলে আসি আখালিয়া এলাকার সুরমা আবাসিক এলাকায়। প্রথম যখন এই মেসে আসি তখন হাসান ভাই আর উজ্জল ভাইকে শুধু চিনতাম......নাম মাত্র। মেসে মালপত্র এনে পরিচয় হল আমার রুমমেট উইন ভাইয়ের সাথে। রাতে হাসান ভাই পরিচয় করিয়ে দিলেন পাশের রুমের সাইফুল ভাই আর শাহাদাতের সাথে। ম্যানেজার প্রতীক ভাইয়ের সাথে পরিচয় হল পরের দিন, উনি সংগঠনের মানুষ, সারাদিন ব্যাস্ত থাকেন। কিন্তু আস্তে আস্তে সবাই চলে যাবে.........
আমার রুমমেট উইন ভাই আমার ২ বছরের সিনিয়র। পড়েন ফুড আন্ড টি টেকনোলজিতে। খুবই মজার মানুষ। ইতিহাস বিষয়ে ওনার দারুন আগ্রহ। হাসান ভাই ২০০৩ সালে শাবিপ্রবি তে ভর্তি হয়েছিলেন। মাঝখানে সেশন জট, ড্রপ ইত্যাদি কারনে অনেক পিছিয়ে গেছেন। উনি সিএসই র ছাত্র। তবে ওনাকে গান শোনা আর টিভি দেখা ছাড়া আর কোন কাজ “কম্পিউটারে” করতে কেউ দেখে নাই। ওনার রুমমেট ছিলেন উজ্জল ভাই। মেসের সবার সিনিয়র। আমি যখন আসি তখন উনি মাস্টার্স শেষ করে থিসিস করছিলেন। প্রতীক ভাই ফরেস্ট্রির ছাত্র। হাসান ভাইদের ব্যাচ, অর্থাৎ ২০০৩ ব্যাচ। পাশের রুমের সাইফুল ভাই কেমেস্ট্রির ছাত্র, উনিও হাসান ভাইদের সাথের। প্রথম দেখায় আমি সাইফুল ভাইকে একটি বিশেষ ছাত্র সংগঠনের কর্মী ভেবেছিলাম। ওনার দাড়ি দেখে আমি এই ভুল করেছিলাম। আসলে উনি খুবই মজার মানুষ। তবে পুরো মেসে যার সাথে আমার সবচেয়ে ভালো সময় কাটত সে ছিল শাহাদাত। শাহাদাত সিএসই র ছাত্র। আমার ব্যাচমেট...আমরা ২০০৭-০৮ ব্যাচ। যদিও আমরা দুইজন দুই বিভাগে পড়তাম, কিন্তু আমরা ছিলাম খুবই ভালো বন্ধু। পুরো মেসে আমি শাহাদতের সাথেই প্রচুর আড্ডা দিতাম (বাকি সবাই সিনিয়র ভাই কি না!!)। এই ৭জন নিয়েই আমার ২য় মেস জীবন শুরু হয়েছিল। কিন্তু আস্তে আস্তে সবাই চলে যাবে.........
সবার প্রথম মেস ছেড়ে চলে গেলেন আমাদের উজ্জল ভাই। আমি মেসে আসার ৭/৮ মাস পরেই উনি শাবিপ্রবিতেই লেকচারার হিসেবে নিয়োগ পেয়ে গেলেন। অনেক শক্ত প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে উনি নিয়োগ পেয়েছিলেন। আমরা পুরো মেস সেদিন আনন্দ করেছিলাম ওনার জন্য।
এরপর টানা দেড় বছর আমরা ৬জন বাসিন্দা এই মেস আঁকড়ে ধরে পড়ে রইলাম। কিন্তু জীবিকা বড় কঠিন প্রয়োজন। এবার হাসান ভাইয়ের যাবার পালা। আমি যখন ৪/২ সেমিস্টারে তখন হাসান ভাই একদিন তল্পিতল্পা নিয়ে রওনা হলেন রাজধানীর পথে। সেখানে নাকি কি একটা সফটওয়্যার ফার্মে ওনার চাকরি হয়েছে।
৪/২ সেমিস্টার ফাইনাল দিয়ে আমি ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছি। বন্ধু শাহাদাত কেন জানি কয়েকদিন খুব অস্থির সময় কাটাচ্ছিল। কিছু জিজ্ঞেস করলে সহজে বলে না। তাই অপেক্ষা করতে লাগলাম ও নিজে থেকে কিছু বলে কি না... একদিন বলেই ফেলল। ও এখানে এমএসসি করতে চাচ্ছেনা, ওর ইচ্ছা ঢাকা গিয়ে কোন একটা ফার্মে জয়েন করা। ও এখন নিজের খরচ নিজে বহন করতে চায়...তার আব্বার উপর কোন ধরনের চাপ দিতে চায় না। সে নিজের টাকায় পরে সুবিধা মত সময়ে এমএসসি কমপ্লিট করতে চায়। শাহাদাত চলে যাবে শুনে মনটা খারাপ হয়ে গেলেও আমি ওর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলাম। আমার বন্ধুটা এখন ঢাকায় থাকে আর আমারে বলে ওর মেসে যেন এসে একদিন ঘুরে যাই। বন্ধু আমাকে উপদেশ দেয়, সিলেটে ৮ হাজার টাকার চাকরিও ভালো, কিন্তু ঢাকায় ২৫ হাজার টাকাও কিছু না!! আমি শুনি আর অবাক হই......ওকে জিজ্ঞেস করি কেন ঢাকায় এতো টাকাও কিছু না? ওর উত্তরঃ ঢাকা বসবাসের অনুপযোগী। যাতায়াত সমস্যা, থাকার সমস্যা, পানির সমস্যা, বিশ্বাস করার মত মানুষের অভাব......ইত্যাদি ইত্যাদি। আমি ওর জন্য দোয়া করি যেন সব সমস্যা থেকে ও মুক্তি পায়......সে যেন ভালো থাকে।
কিছুদিন ধরে শুনছি সাইফুল ভাই চলে যাবেন। ঢাকায় উনি একটা মেস ঠিক করে ফেলেছেন। ২/১ দিনের মধ্যে চলে যাবেন। শাহাদাত চলে যাবার পএ এই সাইফুল ভাইয়ের সাথেই আমার অনেক সময় কেটেছে। উনি বয়সে বড় হলেও সব ব্যাপারে আমার সাথে সব কিছু শেয়ার করতেন। সাইফুল ভাই খুবই ভালো ছাত্র। ওনার ইচ্ছা এডুকেশন লাইনে থাকা। সবসময় পড়াশোনার মধ্যে থাকা। তাই ওনার এম এস সি কমপ্লিট করে উনি শুধু বিভিন্ন ভার্সিটিতে জয়েন করার চেষ্টা করে যাচ্ছেন। কোন সরকারী-বেসরকারী চাকরি ওনাকে টানে না। তবে এই ঝোঁক কতদিন থাকবে কে জানে? একসময় নিশ্চয়ই হতাশ হয়ে চাকরীর দিকেই শুধু নজর দিবেন। ইদানিং ওনার কথা-বার্তা থেকেই বোঝা যাচ্ছে উনি এডুকেশন লাইনে ট্রাই করতে করতে হতাশ হয়ে যাচ্ছেন।
৪ জন চলে গেল। মেসে তাদের সিট অনেক আগেই অন্য নতুন সদস্য দিয়ে ভরাট করা হয়ে গেছে। পুরাতনদের মধ্যে বাকি রইলাম আমরা ৩জন। আমিও আগামী ২/১ মাসের মধ্যে মেস ছেড়ে দিব। সেই প্রথম বর্ষে এসছিলাম এই মেসে, আজ এম এস এস ১ম সেমি. এর ছাত্র। অনেক স্মৃতি অনেক কথা এই মেসের প্রতিটা কোনায় জমে আছে। কত কষ্ট, কত হাসি, কত খেলাধুলা(ছাদের উপর)। মটর নষ্ট থাকায় ২ মাস পানির সেকি কষ্ট!! আশেপাশের মেস, বাসাবাড়ি থেকে পানি এনে কত কষ্ট করে দিন যাপন করেছি, তা বলে বুঝান যাবে না। অনেক দিন মনে হয়েছে এই মেস ছেড়ে অন্য কোন মেসে উঠে যাই......কিন্তু কি এক বাধনে যেন এই মেসের সাথে আটকে গেলাম। মেস নিশ্চয়ই আমাকে আটকে রাখেনি, মেসের মানুষগুলোই আমাকে মায়ায় জড়িয়ে ফেলেছে। এইসব বড় ভাই, বন্ধুদের কথা কি কোনদিন ভুলে যাব? সামনে যে যান্ত্রিক জীবন আমার জন্য অপেক্ষা করছে, সে জীবন কি আমাকে পুরান সব কিছু ভুলিয়ে দিবে?
কিন্তু অমোঘ সত্যি তো এইটাই যে, “আস্তে আস্তে সবাই চলে যাবে”।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১২ রাত ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


