মৃত্যুঃ
“মৃত্যু” নামক শব্দটির সাথে আমার প্রথম পরিচয়ের কথা আজও আমার ঝাপসা ঝাপসা মনে পড়ে। পিচ্চিবেলায় দুপুরে ঘুমানোটা ছিল বাধ্যতামূলক। আমিও বাধ্য ছেলের মত ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠে দেখি বাসায় কেউ নাই!! কি ব্যাপার? সবাই কই গেল? বড় বোনেরা নাহয় বাইরে খেলতে গেছে (তখন বড় বোনেরাও খুব বড় ছিল না!), কিন্তু আম্মা কই? আম্মা তো আমারে না নিয়া কোথাও যাওয়ার সাহস করে না (গেলে চিল্লায়া বাসা ফাডায়া লাইতাম কি না
রহস্যময় মৃত্যুঃ
একটু বড় হয়েছি তখন......আবার মৃত্যু। ততদিনে মৃত্যু_র অর্থ কিছুটা জানি। কিন্তু এবার রহস্যময় মৃত্যু। আমাদের বাসার সামনে এক আঙ্কেল থাকতেন। একা। ওনার ফ্যামিলি অন্য জায়গায় থাকত। তো ওই দিন সকাল বেলা দুধওয়ালা ওনার বাসায় দুধ দিতে গিয়ে দেখে যে উনার ঘরের মেইন দরজা হালকা খোলা। সে ধাক্কা দিতেই দেখে দরজার পাশে ওই আঙ্কেল পড়ে আছে। তার চিৎকার শুলে আশেপাশের বাসা থেকে সবাই ছুটে আসল......কিন্তু ততক্ষনে আর কিছুই করার নাই। ডাক্তার আঙ্কেল বলল যে হার্ট এটাকে মৃত্যু। সবাই বলবলি করতে লাগলো যে সকালের কোন এক সময় হয়তো উনি মারা গেছেন, কারন আগের রাতে উনি ভোর ৪টা পর্যন্ত নাকি টিভিতে খেলা দেখেছিলেন কলোনির স্টাফ ক্লাবে। অনেকে বলতে লাগল, “না”, নিশ্চই অন্য কোন কিছু”। যাই হোক, ওনার মৃত্যু সে সময় আমাদের ছোট্ট কলোনিতে অনেক আলোড়ন তুলেছিল সে সময়।
এবার পরিবারের সদস্যঃ
১৯৯৭ সালের ঘটনা। দেশের বাড়ি থেকে খবর আসলো যে দাদা খুবই অসুস্থ, আমরা যেন সবাই চলে আসি। ওই সময়টাতে সারা বাংলাদেশে প্রচন্ড ঝড়বৃষ্টি হচ্ছিলো। সেই ঝড় উপেক্ষা করে আমরা পড়িমরি ছুটলাম গ্রামে। আমার দাদা আল্লাহর রহমতে দীর্ঘ জীবন পেয়েছিলেন। অসুখ-বিশুখ কখনো ওনাকে কাবু করতে পারে নাই। কিন্তু সেবার ঘটনা ভিন্ন। দীর্ঘ ১৫ দিন ধরে ওনার মুখে কিছু দেয়া যাচ্ছিল না। পানি দিলেও তা গড়িয়ে বাইরে পড়ে যেত। আমরা যাওয়ার ৬/৭ দিন পরই উনি ইন্তেকাল করেন। আমি আমার দাদাকে খুব কম সময়ের জন্য পেয়েছি। একে তো আব্বার চাকরির কারনে আমরা থাকতাম সিলেটে, গ্রামের বাড়ি যাওয়া পড়ত খুব কম, আর আমার দাদা-দাদীও বাড়ি ছেড়ে কোথাও যেতে চাইতেন না। তাই ওনার মৃত্যুতে আমি ঠিক বুঝতে পারছিলাম না যে কি করা উচিত...... সবাই কান্না-কাটি করছে, কিন্তু আমার চোখে পানি আসছে না, সবার কান্না দেখে শুধু মনটা খারাপ লাগছিল(জানি না কে কি মনে করছেন, কিন্তু আমি মিথ্যা বলছি না। হয়তো ছোট ছিলাম বলে অনুভূতিগুলো ভোতা ছিল)।
এর কিছুদিনের পরের ঘটনা। আব্বা একদিন অফিস থেকে হন্তদন্ত হয়ে বাসায় চলে আসলেন, তাকে এক্ষুনি ঢাকায় যেতে হবে। কাহিনী কি? কাহিনী ভয়ঙ্কর!! আমার বড় ফুপুর ছেলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। তার মৃত্যু আজও আমার কাছে এক রহস্য। কেন সে এই কাজ করল তা কেউ জানে না। কেউ বলে পারিবারিক সমস্যা, কেউ বলে প্রেমঘটিত সমস্যা, কেউ বলে মানসিক সমস্যা। কিন্তু এই সমস্যাগুলর একটাও খুব শক্ত কারন বলে আমার কখনো মনে হয় নি। পারিবারিক কোন সমস্যা তার ছিল না। সে বাসার সবার খুব প্রিয়, কাজেই প্রেমে করলে সে অবশ্যি সে বাসার কাওকে না কাওকে বলত। আর সে যদি কাওকে পছন্দ করত, তার ফ্যামিলি কখনো তাকে মানা করত না। মানসিক সমস্যা? কিন্তু কোন লক্ষ্ণন কেউ কোনদিন দেখেনি।
আবার মৃত্যু। এবার মেজ ফুপুর বড় মেয়ে। না এবার আত্মহত্যা না, এবার চিকিৎসকের ভুল চিকিৎসা। কি একটা অসুখে জানি উনি ক্লিনিকে ভর্তি হয়েছিলেন। ধীরে ধীরে ভালও হয়ে উঠছিলেন। কিন্তু একদিন কি একটা ইঞ্জেকশন দেয়ার সাথে সাথে ওনার শরীর খারাপ হতে শুরু করে এবং কিছুক্ষনের মধ্যে মৃত্যু।
পরিবারের অনেক সদস্য খুব দ্রুত মৃত্যুবরন করায় “মৃত্যু” শব্দটা তখন আমার কাছে এক বিভীষিকা। “মৃত্যু” মানেই সবার কান্নাকাটি, মন খারাপ করে থাকা, হঠাত করে একজন মানুষের অভাব বোধ করা, পুরাতন অনেক স্মৃতি মনে করা, নতুন করে আবার কান্না। মিথ্যা বলব না...পরিবারের একের পর এক মৃত্যু দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। কবে না আবার......
এবং অতঃপরঃ
২০১২ সাল। বাবা রিটায়ার্ড। সরকারি কলোনি ছেড়ে দিতে হবে। অনেক খুঁজে শহরে বাসা পেলাম। কিছুদিন আগে সে বাসায় উঠে এলাম। আমাদের বাড়িওয়ালা মানুষটা এখন পর্যন্ত ভালো (জানি না কয়দিন পর কি হবে!)। আমরা আসার পর থেকে দেখছিলাম ওনার স্ত্রী অসুস্থ। শারীরিক না, মানসিকভাবে। খুব সম্ভবত “আলঝেইমা”। কারণ উনি কিছুই মনে রাখতে পারেন না, সবাইকে অনেক সময় চিন্তেও পারেন না। ওনার সব ছেলে মেয়ে বাইরের দেশে থাকে। তারা নাকি দেশে আসার সময় ও সুযোগ তেমন একটা পায় না। তারা চায় বাবা-মা তাদের সাথে এসে থাকুক, কিন্তু বাবা-মা রাজি না বাংলাদেশ ছাড়তে। গত পরশুদিন সেই মহিলাও না ফেরার দেশে চলে গেলেন। উনি নাকি কয়েকদিন ধরেই ওনার প্রবাসী ছেলেদের দেখার জন্য খুব চাইছিলেন......ছেলেরাও লন্ডন থেকে রওয়ানা দিয়েছিল। আফসোস এইখানেই যে, ছেলেরা যখন ঢাকা এয়ারপর্টে ল্যান্ড করল, উনি তখন সিলেটের এক ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ছেলেরা রাতে বাসায় আসার পর যে পরিস্থিতি হল তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়...... এতো কান্না, এতো দুঃখ। একজন আরেকজনকে ধরে কান্না-কাটি। হায় মৃত্যু!! কি নিষ্ঠুর তুমি!! সন্তানের কাছ থেকে মাকে কেড়ে নাও, মায়ের কাছ থেকে সন্তান। ওই মহিলা শেষ কয়েক দিন কোমায় থাকায় জানতে পারল না যে তার ছেলেরা সবাই তাকে দেখার জন্য দেশে আসছে। তার মৃত্যুর পর তার ছেলেদের কান্না কাটি কি উনি দেখতে পেরেছেন? তার উত্তর সম্ভবত আমরা কেউই দিতে পারব না।
এই ঘটনা আমাকে একটা খুব বড় শিক্ষা দিয়েছে। সেটা হচ্ছে নিজের পছন্দ, ভালবাসার কথা গোপন না রাখা। “বাবা-মাকে ভালবাসি”- এই ছোট্ট একটা বাক্য বলা কি আমার জন্য খুব কঠিন? অথচ কোনদিন তো আমি আব্বা বা আম্মাকে এই কথা বলি নাই। কখনো তো বলি নাই যে, “তোমরাই সেরা”। বরং সামান্য না পাওয়ার বেদনায় কতদিন তাদের কটু কথা বলেছি। আমরা কেউই অমর না। সবাই একদিন মারা যাব। আমাদের বাবা-মায়েরাও একদিন চলে যাবেন। ওই দূর আকাশের তারা হওয়ার আগে কি আমরা তাদের জানাতে পারব না যে “কত ভালবাসি”?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


