ছোটবেলা থেকেই আমাদের শিক্ষা দেয়া হয় সবসময় বড়দের কথামত চলার, একটা নির্দিষ্ট পথে চলার। যদি আমরা তাদের পছন্দের পথে চলি, তো আমরা “ভালো”, কিন্তু যদি অন্য কিছু করতে চাই বা অন্য পথে চলি, তাহলে আমরা “খারাপ”। ভালো-খারাপের সংজ্ঞা তাই অনেক আগে থেকেই নির্ধারন করে রাখা।
বাবাঃ বাবু, তোমাকে ডাক্তার হতে হবে!! অনেক বড় হতে হবে কিন্তু।
মাঃ ভালো করে পড়। তোকে ইঞ্জিনিয়ার হতে হবে। অনেক নামকরা ইঞ্জিনিয়ার!!
দাদাঃ আমার দাদুভাইকে আমি অনেক বড় ব্যারিস্টার বানাব...হু!!
কেউ বাবুকে জিজ্ঞেস পর্যন্ত করে না সে কি হতে চায়। আর বাবু সাহস করে কাউকে বলতেও পারে না সে কি হতে চায়। কারন সে দেখছে সাহসের পরিনাম খুব একটা ভালো হয় না।
আমরা সবাই “ভালো” হতে চাই, কেউই “খারাপ” হতে চাই না। তাই আমরা অনেকটা চোখ বন্ধ করে তাদের নেয়া সিদ্ধান্তগুলো নিজের মনে করে পালন করে যাই। তাদের বলে দেয়া “পথ”ই শেষ কথা। নিজের সিদ্ধান্ত বলে আমাদের কিছু নাই। এ কারনে আমরা অনেকেই অনেক বয়স পর্যন্ত নিজে কোন সিদ্ধান্ত নিতে পারি না। অনেক অভিভাবক, গুরুজন না জেনেই আমাদের জন্য এই বিপর্যয়কর পরিস্থিতি তৈরী করে চলেছেন। কারন একসময় এটা আমাদের ব্যক্তিজীবনে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাঁরা আমাদের জীবনের শেষদিন পর্যন্ত আমাদের সাথে থাকবেন না। তাই তখন কোন সিদ্ধান্ত নিতে গেলেই আমরা বিপদে পড়ব। জীবনের এক পর্যায়ে যখন আমরা অনেক পথ, অনেক মত, অনেক সম্ভবনার রাস্তা দেখতে পাব, তখন সিদ্ধান্ত নিতে পারাটাই অনেক বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে আসবে।
জীবনের প্রতিটা ক্ষেত্রে একদল “জ্ঞানী” মানুষ আমাদের বলে দেয় কি করা উচিত, কি করা উচিত না......
বাবু নিজের আঁকা ফুলে লাল রং করছে, পাশ থেকে একজন বলে উঠবে-“ না না...লাল না, গোলাপি রঙ করো। এখনো রঙ করাটাও শিখলি না?”।
বাবুর পছন্দ নীল রঙের টি-শার্ট। দোকানে বাবুর সাথে যে যাবে, সে বলবে-“ তোর আবার কিসের পছন্দ? তুই জানিস কোনটা ভালো আর কোনটা মন্দ? তুই এই সবুজ টি-শার্ট নে। তোকে এটাতেই ভালো দেখাবে”।
আমাদের সবসময়ই শেখান হয় আগে থেকে প্রতিষ্ঠা করা নিয়মে চলতে। অমুক লোক ডাক্তারি করে ভালো টাকা-পয়সা করেছে, তোমাকেও তাঁর মতো হতে হবে। অমুক ছেলে সব পরীক্ষায় ফার্স্ট হয়, তোমাকেও তার মতো সব পরীক্ষায় ফার্স্ট হতে হবে। অমুকে গাড়ি-বাড়ি করে হুলুস্থুল করে ফেলেছে, তোমাকেও তাই করতে হবে।
মানে ব্যাপারটা এরকম যে, “ধুমসে পড়ো, ভালো “গ্রেড” পাও, একটা ভালো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী নাও, ভালো চাকুরি যোগাড় করো, যেভাবে পারো সাফল্যের চূড়ায় যাও, সংসার করো, প্রতি ৫/১০ বছর পর সংসার বড় করো”।
সবই ঠিক আছে। সব অভিভাবকই চান তাঁদের সন্তানরা নিরাপদ “পথে” নিরাপদে জীবনটা পার করে দিক। কিন্তু এগুলো হচ্ছে জীবনের অনেক “পথ” এর একটা “পথ”। কি হবে যদি আমরা অন্য “পথ” বেছে নিই? অন্য “পথ” বলতে আমি আমি “অসৎ” পথ বা “কু-পথের” কথা বলছি না। সু-পথেরই অন্য অপশন গুলো কি নেয়া যায় না?
কি হবে যদি, পড়তে ইচ্ছা না করলে জোর করে না পড়ে একটু বাইরের জগত থেকে বেরিয়ে আসি? জোর করে বইয়ের “অখাদ্য” না গ্রহন করে “মজাদার” কোন বিষয় নিয়ে কিছুক্ষণ পড়ালেখা করলে? খুব কি অন্যায় হবে যদি অবসরে, সুবিধা মতো কোন এনজিওতে স্বেচ্ছা শ্রম দিয়ে কিছু মানুষের উপকার করলে? জীবনে যত কিছু ভয়ে, লজ্জায় এড়িয়ে গেছি, সেগুলর মুখোমুখি হলে কেমন হয়? খুব কি অপরাধ হবে যদি পরীক্ষার শেষে মা-বাবার কথামত পুনরায় বই নিয়ে না বসে তাঁদের বলি কোথাও ঘুরতে নিয়ে যেতে? তাঁদের সময় না থাকলে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার আবদার কি খুব অন্যায় হবে? পানি দেখলে ভয় পাই, কি হবে যদি এইবার সাঁতারটা শিখে ফেললে?
আমাদের জীবন একটাই। নিজের পছন্দের “পথ” টাই আমরা বেছে নিব, কিন্তু “বিকল্প” পথের কথাটাও ভুলে যাওয়া উচিত হবে না। “গৎবাঁধা” জীবন আর নিজের পছন্দের, কাঙ্ক্ষিত “জীবন” এর মধ্যে অনেক বড় পার্থক্য আছে। তাছাড়াও, কাঙ্ক্ষিত জীবন অর্জন করতে গিয়ে যদি ব্যর্থও হই, অন্তত নিজের কাছে অতৃপ্ত থাকব না!!
তাই ভাবছিলাম নিজের ইচ্ছাগুলো পূরন করে ফেলি। ভুলে গেলে চলবে না যে, যাদের কথা ভেবে আমি আমার ডিসিশনগুলো নিতে দ্বিধা করছি, সেই তারা এবং আমি নিজেও ৬০/৭০ বছরের মধ্যে অন্য ভূবনে চলে যাব। চলে যাবার আগে কেন এতো আফসোস নিজের সাথে নিয়ে যাবো?
সবাই ভালো থাকুন। আর আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি নিজের সব ইচ্ছা না পারলেও, কিছু ইচ্ছা যেন পূরন করতে পারি।
উৎসর্গঃ আমার অতি প্রিয় দুই স্টুডেন্ট, যারা পড়তে পড়তে "ক্লান্ত"!! আর আমার প্রিয় এক বন্ধুকে যে একটা লেখা "প্রসব" করার জন্য আমাকে তাগাদা দিচ্ছিল
বিঃদ্রঃ কিছুদিন আগে “The Bucket List” নামক একটা মুভি দেখেছিলাম। ২ জন মৃত্যুপথযাত্রী মানুষের জীবনের কিছু ইচ্ছা পূরণ নিয়ে ছবিটি। এই লেখার পিছনে সেই ছবিটি, আর “নাম ভুলে যাওয়া” একটা আর্টিকেলেরও অবদান রয়েছে।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


