যে শহরে প্রেম নেই,নেই প্রিয় কেউ
ভালোবেসে কখনো যেখানে
নেয় না কেউ খবর কোনো,
সেখানে এসেছি আমি তোমার সন্ধানে।
যেখানে প্রেমের মূল্য নেই,
নেই ভাললাগা ভালোবাসা
অথবা স্নেহের কোলে ঘুমানোর ঠাঁই,
সেখানে এসেছি আমি খুঁজতে তোমায়।
এখানে আছে নিঃসঙ্গ দিন,
হৃদয়ের পরাজয় আর
নিয়মের বাধ্যবাধকতা।
এখানে আছে অজস্র ক্লান্তি
খুব রোদ, ঝড় বৃষ্টি আর
যানজট নিয়ে মাথা ব্যথা।
এখানে এই শহরে থাক তুমি একা
প্রেয়সী তোমায় দেয় না কখনো দেখা।
হয়তো খুঁজে পেলে তোমায়
একটা সুন্দর মন দেবো
আর প্রেমের ঠিকানা দেবো-
তোমার সুখের স্বপ্ন পূরণের জন্য।
তোমার শরীরে জমে থাকা
প্রেমহীন শহরের কষ্ট ছিল যত,
সেসব রবে না আর এমন অবিরত;
সবকিছু হয়ে যাবে সে মনের মত।
তোমাকে আমি একটা দীর্ঘ পথ দেবো
নতুন একটা প্রেমের শহর দেবো।
স্রষ্টার অনুগ্রহের জন্য আমি প্রার্থনা করব
সকাল দুপুর সন্ধ্যা, সবটা তোমার করে দেবো।
তুমি সবকিছু আপনার করে নেবে
নতুন শহরে তুমি প্রেমিকার ভালোবাসা হবে।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৯ সকাল ৯:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



