হাতের কাছের সব পুরোনো হয়ে যাচ্ছে। গায়ের প্রিয় জামাটা, জুতো, চশমা, ঘড়ি, হাতের মোবাইল। ওরা এতো প্রিয় হয়েও একটু ফ্যাকাশে কিংবা পুরোনো হলেই মন সরিয়ে যায় নতুনে। নতুন চাই সব কিছু। নতুন জামা, জুতো, চশমা, ঘড়ি, মোবাইল। অবলীলায় এরা প্রিয় হয়ে ওঠে। প্রিয় হওয়ার মন পাখি সময়ে পালকের রঙ পাল্টায়।
পুরোনো হওয়ার দলে আমার হাত, পা, মুখ, চুল, লোম। সবকিছু ঘড়ির সেকেন্ডের কাঁটার ঘুরার সাথে সাথে পুরোনো হচ্ছে। তবু অমলিন আমার প্রিয় দেহ অবয়ব। আমার সব অঙ্গ-প্রত্যঙ্গ জন্ম অবদি প্রিয়। বয়সের চাকা ঘুরার সাথে সাথে এই সব অঙ্গ-প্রত্যঙ্গ হয়ে উঠে আরো প্রিয় থেকে প্রিয়।
সম্পর্ক - বন্ধুত্বের, প্রেমের, আত্মীয়ের, প্রতিবেশীর, নানামুখী-নানান বাকেঁর। কখনো একটা সম্পর্কের উপর আরেক রঙের খোলাস গায়ে জড়ায়, কখনো একটা সম্পর্কের পাশে আরেকটা নতুন সম্পর্কের পাহাড় জন্মে, কখনো বা একটা সম্পর্কের পাহাড় অবহেলায় ভেঙ্গে যায়, কখনো তা চির নির্মল। সম্পর্ক কখনো একপেশে, কখনো দোপেশে, আবার কখনো তা জনেজনে। আর সকল সম্পর্ক গড়ে শুধুই আত্মার বন্ধনে। আত্মার আত্মিক সম্পর্ক চির তরুণ, চির নতুন।
যত দূরের বা কাছের হোক না তা, যেভাবেই তা গড়ে উঠুক না কেন, একদিনের বা হাজার দিনের হোক, প্রিয় সম্পর্ক সতত প্রিয়।
১৬০৮২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




