
তুমি যদি আমার সন্তান হতে তোমাকে প্রথম সূর্য দেখাবার সুযোগটা আমিই পেতাম। আমার প্রথম এবং প্রধান গর্ব হতো যে তোমার শরীর আমারই অংশ নিয়ে তৈরী। তুমি সব সময়েই আমার কোলের মধ্যে থাকতে। ঘুমে এবং জাগরণে তোমার চোখ , তোমার হাত আমাকেই খুঁজতো। খিদে পেলে ঘুম পেলে সবার আগে আমাকেই তুমি চাইতে। কারণ আমি যে তোমার ‘মা’।
আর আমি আমার হতে সৃষ্ট অংশকে দু-চোখ ভ’রে দেখতাম। হাত দিয়ে সবসময় ছুঁয়ে রাখতাম। তোমার শরীরের প্রত্যেকটি খাঁজ-ভাজ দিনে দিনে পূর্ণ হয়ে উঠত, আর আমি প্রত্যেকটি মুহূর্তে অনন্ত উৎসাহ নিয়ে তোমার সেই পূর্ণতার সাক্ষী হতাম।
একটু করে বড় হতে হতে যেদিন তুমি মুখ দিয়ে প্রথম কোনো আওয়াজ করতে তখন আমার মনে হত কী অদ্ভুত সুরেলা গলা তোমার; বড় হয়ে সম্ভবত তুমি গায়ক হবে। আর যেদিন প্রথম কোনো শব্দ উচ্চারণ করতে চেষ্টা করতে সেদিন আমার মনে হতো পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর শব্দটি তুমিই প্রথম উচ্চারণ করলে এবং তার গভীর একটি অর্থ রয়েছে। সেই গভীর অর্থ খুঁজতে না খুঁজতেই আরো একটা শব্দ , আরো একটা উদ্ভট উচ্চারণ, তারপর আরও দুটি, তারপর কয়েকটি, তারপর তোমার মা এক্কেবারে দিশেহারা, তারপর মা যেই তোমাকে কোলে তুলে নিয়ে আদর করতে যাবে তার আগেই তুমি তোমার মাকে আদর করে এলোমেলো করে দিতে।
তারপর যেদিন তুমি হাঁটতে শিখবে, নাঃ ভুল হয়ে গেল; হাঁটা তো নয় তুমি তো এক্কেবারে দৌঁড়াতে শিখবে। প্রথমেই এক দৌঁড়ে ঘরের গন্ডী পার করে দেবে।
সত্যিই ঘরের গন্ডী যেদিন পার করে দেবার সময় এলো তখন মা ও ছেলের সে কী কান্না! ছেলে তো কাঁদে ভয়ে। কোথায় না কোথায় তাকে পাঠানো হচ্ছে এই ভেবে। আর মা কাঁদে অতক্ষণ ছেলেকে ছেড়ে থাকবে কী করে এই ভেবে। তবে ছেলে আমার বড় হবে এই আনন্দেই বিচ্ছেদ বেদনা একদিন সয়ে যাবে।
তুমি যদি আমার সন্তান হও তবে তোমাকে আমি কখনই পড়তে বসতে বলতাম না। তোমাকে আমি গান শেখাতাম, নিজে হাতে সুরে সুর মিলিয়ে গান শেখাতাম। তুমি আমার সন্তান হলে তোমাকে সঙ্গীতে পণ্ডিত কিম্বা ওস্তাদ তৈরী করতাম। আমার সুজয় কাকুর গানের স্কুলে তোমাকে ছোট্টবেলা থেকে ভর্তি করিয়ে দিতাম।পড়তে না বসলেও গান করতে না বসলে কিন্তু খুব রাগ করতাম। তবে পড়তে না বসলে কি হবে আমি জানি তুমি পড়াশুনাতেও খুব ভালো হবে।
তুমি যদি আমার সন্তান হতে তবে তোমাকে আঁকা শেখাতাম। তবলা কিম্বা কোনো বাদ্যযন্ত্র শিখতে চাইলে শেখাতাম। তুমি যে বাদ্যযন্ত্র কিনতে চাইতে তাই কিনে দিতাম। কারণ তোমার ইচ্ছেটাই তো আমার স্বপ্ন। তুমি যদি আমার সন্তান হতে তবে আমি স্বপ্ন দেখতাম যদি পুনর্জন্ম বলে কোনো জিনিস থেকে থাকে তবে জন্মে জন্মে আমি যেন তোমাকেই পাই।

সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




