তবে ঘাসের ডগায় বসে থাকা
প্রজাপতির কি হবে বাতাসে?
বলে গেলে না তো।
অনার্য এক তরুন হয়ে ফিরে চলি হাজার কোটি বছর আগের কোন নিস্তব্ধ বিকেলে আর বাকল জড়ানো কোন এক কিশোরী ধরা দেয় আমার চোখে নৌকো হয়ে, আমি হাত বাড়াতে চাইনি, শুধু একটি মুহূর্তে তার চাহনি দেখতে পেলেই বর্তে যেতাম।
পুচ্ছ তুলে ময়ূরের দল ছন্দে নাচে
তবে দর্শক সারিতে বসে
চড়ুই পাখির কি দোষ?
বলে গেলে না তো।
সুফলা রশ্নিরা তোমার এলো কেশে এসে প্রতিসরিত হয় যে তরুনের বুকে তার কথা কেউ ভাবে নাই, সেও ভাবে নাই রশ্নির উৎস, সেও শুধু মুগ্ধ নয়নে তাকিয়েছিলো, সে চোখে ছিলো প্রেতাত্মা ঘোর আর তন্দ্রালু ঘুম, এ ঘুম ভাঙ্গিয়ে দিও না সখি।
নিরন্তর ছুটে চলা শুভ কামনার দলে
সময়ের বার্তা ছুটি নিয়ে আসে
রংধনু রঙ ফুরোবে কবে?
বলে গেলে না তো।
তেপান্তরের ওপাশেও আছে আরেক তেপান্তর সে গল্প শোনা হয় না তরুনের, সে যে সেই গল্প শোনার প্রতীক্ষায়, ডাহুক রানির অর্বাচীন ডেকে চলা, আর দুর্গম আরণ্যক সন্ধ্যা সব কিছুই তুচ্ছ করেছে, যদি ছুটে চলা শেষ হবে তবে শুরু হলো কেন।
দোয়েলের শিস বেয়ে নেমে আসে যে পথ
সেথায় বারেবারে কে ফিরে চায়
কি আসে ভেসে?
বলে গেলে না তো।
কান্নার রঙেই আবাস গেড়েছে আজন্ম লালসা, ছুটে আসে তরুনের দল, আপেক্ষিক এক তরুন চারপাশের এতো তরুন দেখেই বুঝতে পারে দ্রোহের মেলায় আজ পূজারিণীরা যোগ দিবে, তবু তরুন যেন থেমিসের বানীর অপেক্ষায় থেমে থাকে।
নীল পদ্মেরা অভিযোগে জর্জরিত অভিমান সংকুল
পথে বেওয়ারিশ ঝরে থাকে
এখন আর কেউ তুলে নেয় না কেউ কেন?
বলে গেলে না তো।
তরুনের সব কিছু আজ অগ্নির কাছে সমর্পিত দংশন হয়ে ঝরে পরে কারো লালা আর কারো জ্বালা বাড়িয়ে তবু তরুনের তাতে কি আসে যায়, তরুন ছুটেছে আলেয়ার মায়ায়, সে সন্তুষ্ট অবশেষে, কে পায়নি সে ভাবেনি, শুধু ভালোবেসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

