মাতৃজঠরের মত গাঢ় আঠালো অন্ধকারে
আছি বসে আমরা সব।
মনের মাঝে এতটুকু জাগে না আশার আলো
ভাঙা হৃদয়ে আজ শোকার্ত কলরব।
অদ্ভূত এই আঁধারের ওপার থেকে মাঝে মাঝে
উৎসবের আওয়াজ যায় পাওয়া।
আমরা বসে থাকি, বসেই থাকি, মাথা নিচু করে
মনের মাঝে দারুন কাঁদনের হাওয়া।
কার যেন কণ্ঠস্বর ভেসে আসে, “শুনছ?
হে আঁধারের মানুষেরা, তোমরা কি নেবে আলো?”
আমাদের সবার মাঝে ব্যস্ততার জোয়ার বয়
একটু দূর করার জন্য এই কুৎসিত কালো।
কণ্ঠস্বর বলে ওঠে, “আলো চাই কার?”
আমরা বলি, আমার! আমার!! আমার!!!
আওয়াজ আসে, একজনকেই শুধু দেব,
দেখি কার মহত্ত্ব বেশি?
তখন থেকেই শুরু হয় আমাদের একে অন্যকে
নীচ করে দেখানোর অসুস্থ রেষারেষি।
১২.০৯.২০০৮
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


