স্থানঃ ভোলা (চরকুক্রি)।
মূল চরিত্রঃ মাননীয় সাংসদ মহাশয় (এম পি) ও প্রধান বন সংরক্ষক।
বিষয়ঃ রাস্তা নির্মাণ।
আমাদের দেশের আর দশ জন নেতা মন্ত্রীর মতই এম পি মহাশয় নানা কর্মের মাধ্যমে সুনাম অর্জন করে তিনি এই বিশেষ পদের অধিকার অর্জন করেছেন। এম পি সাহেবের এই সাফল্যের পেছনের কিছু ঘটনা না বললে গল্পের আসল মজা টা পাওয়া যাবে না। তাই চলুন একটু পেছন থেকে শুরু করি আমরা।
আমাদের দেশের অন্যান্য সমুদ্র তীরবর্তী দ্বীপের মতই এই অঞ্চলের প্রধান জীবিকা মাছ ধরা বা জেলে জীবন। আর তাই এই পথে থেকে রোজগার করেই সবাইকে কোন না কোন উপায়ে চলতে হয়। তিনিও এর ব্যতিক্রম ছিলেন না, কিন্তু তার পন্থা টা একটু ভিন্ন ছিল। আর জীবনে উন্নতি করতে হলে সবার মত না চলে একটু ভিন্ন পন্থা অবলম্বন করতে হয় এটা মোটামুটি সব বুদ্ধিমানেরাই জানে। এম পি সাহেব যা করতেনঃ অন্য সবার মত নৌকা, জাল, খাদ্যসামগ্রী ও সঙ্গী সাথী নিয়ে তিনি প্রতিনিয়ত মৎস শিকারে বের হতেন না। তিনি বের হতেন দিন ক্ষন ঠিক করে নৌকা, অস্ত্র আর সঙ্গী সাথী নিয়ে। জেলেদের শিকার করা মাছ অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে এসে খুব সহজ পন্থায় তিনি অতি অল্প সময়ে যে পুঁজি গড়েন তা এলাকাবাসীর সেবা করার জন্য যথেষ্ট। তাই এই জলদস্যু সর্দার যখন দেশ সেবামূলক কাজে নামেন তখন তার জন্য সেই অর্থ বিলি-বন্টন করে মানষের মন জয় করার কাজ টা খুব সহজ হয়ে যায়।
এম পি নির্বাচিত হবার পর তার উপর এলাকার উন্নয়নের অনেক গুরু দায়িত্ব অর্পিত হয়। এমনি সব কাজের মধ্যে অন্যতম ছিল এলাকাবাসীর যোগাযোগের সুবিধার নাম করে রাস্তা তৈরীর কাজ। রাস্তার প্রয়োজনীয়তা আসলে এম পি নিজেই বেশি অনুধাবন করছিলেন । কারন তিনি এম পি হবার পর তার নতুন অনেক অর্থ উপার্জনের পথ তৈরী হয়েছে, যার মধ্যে একটি হলো সরকারি বনের গাছ নির্বিঘ্নে উজার করে অল্প সময়ে কোটি কোটি টাকার সম্পদ গড়া। কিন্তু এই চোরাই গাছ পরিবহনে তাকে পোহাতে হচ্ছিল প্রচুর সমস্যা, শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার সমস্যার কারনে। আর তাই বুদ্ধিমান এই ব্যক্তির জন্য রাস্তার কাজের অনুমোদন ও বিল পাশ করাটাও খুব একটা কঠিন হয়নি। এখানে এলাকাবাসীর সুবিধা না বলে “সুবিধার নাম করে” কথাটা বলার একটা বিশেষ কারন আছে। তা হল, রাস্তা নির্মাণ বা যোগাযোগের উন্নয়ন নিঃসন্দেহে প্রশংসাযোগ্য কাজ তাই এতে এলাকাবাসী কিংবা সরকারের সমর্থন পাওয়াটাও যুক্তিযুক্ত। বরংচ এর কেউ বিরোধীতা করাটাই অযোক্তিক। যদিও আমরা জানি বর্তমান প্রেক্ষাপটে যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন রাস্তাসহ যে কোন উন্নয়ন কিংবা নির্মানের নাম করে, এলাকার উন্নয়নের চেয়ে এর জন্য যা বরাদ্দ তা থেকে অর্থ আত্মসাৎই মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। তারপরও আমাদের এই নাই এর দেশে প্রবাদ তো রয়েছেই, “নাই মামার চেয়ে কানা মামা ভাল”।
কিন্তু বিধি বাম, এদেশে কোন উন্নয়ন কি বাধা বিপত্তি ছাড়া সম্ভব? আমাদের এই দেশ সেবকের কাজেও বাধা হয়ে দাঁড়ালেন ভোলার প্রধান বন সংরক্ষক সাহেব (ডি এফ ও)। কারন উপরের এত কিছু নয়, কারন খুবই সাধারন। রাস্তা নির্মাণের যে পরিকল্পনা এম পি সাহেব করেছেন তাতে করে ধ্বংস করতে হয় বন অধিদপ্তরের অধীনে থাকা বিপুল পরিমান গাছ। যা ঐ এলাকার প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বিশাল হুমকি ছাড়া আর কিছুই নয়। তাই একজন সৎ সরকারি কর্মকর্তা হিসেবে তার পক্ষে এটা মেনে নেয়াও সম্ভব হলো না। এম পি সাহেব ভাল মানুষ, তিনি সোজা চলে গেলেন মন্ত্রনালয়ে। সব সরকারি কর্মকর্তার সৎ হতে হবে এমন তো কথা নেই, ফলে সচিব সাহেব চিঠি পাঠালেন বন অধিদপ্তরের প্রধান বরাবর অনুমোদনের নির্দেশ দিয়ে। স্বয়ং বন অধিদপ্তরের প্রধানও নিরুপায় কারন তিনি সচিবের অধীনে চাকুরি করেন। এত কিছুর পরেও ডি এফ ও সাহেব একাই তার অবস্থানে অনড় রইলেন। এরই মাঝে এই সংবাদটি পৌছে যায় Bangladesh Environmental Lawyers Association (বেলা) এর কাছে এবং বিষয়টি খতিয়ে দেখে অপ্রয়োজনীয়ভাবে বন উজার করার উৎসব কে তারাও নিরুৎসাহিত করে। বেলা ঐ চিঠির বিরুদ্ধে মামলা করে এবং ডি এফ ও সাহেবকে মামলার সুরাহা না হওয়া পর্যন্ত গাছ কাটার অনুমোদন না দেয়ার জন্য দৃষ্টি আকর্ষন করে। এরপর ঐ রাস্তার কাজ শুরু করাটা এম পি সাহেবের জন্য আরও কিছুটা কঠিন হলো বটে। কিন্তু এম পি সাহেবের বুদ্ধি আর ক্ষমতা সম্পর্কে আপনাদের আগেই বলেছি, তাই ডি এফ ও সাহেবের হাতে অল্প কিছুদিনের মাঝেই চলে আসে একটি পত্র। হ্যাঁ পাঠক, এটা বদলির পত্র। তিনি বদলি হন পাবনা ফরেস্ট রেঞ্জে।
আমার গল্পটি এখানেই শেষ। এর পরের ঘটনা আর আমার জানা নেই। এই গল্পটি লেখার মাধ্যমে আমি সালাম জানাই তৎকালীন ভোলার ডি এফ ও সাহেবকে সততার সাথে তার দায়িত্ব পালনের জন্য। শুভেচ্ছা জানাই এই খুশিতে যে, আপনি সেখানে কর্মরত থাকা অবস্থায় অন্তত আপনাকে দেখতে হয়নি সেই রাস্তা। আর সব শেষে দুঃখ প্রকাশ করছি এই ভেবে যে, আপনি কোন চমৎকার কিছু করেননি, করেছেন দায়িত্ব পালন মাত্র যা সবার স্বাভাবিক ভাবেই করার কথা। কিন্তু আজ এই স্বাভাবিক মানুষ খুঁজে পাওয়া যায় না বলে, যাদের পাওয়া যায় তাদেরকে জানাতে হয় সালাম।
“জাহাঁপনা তুসি গ্রেট হো, তওফা কবুল করো”
তানিম তানভীর
অফিসার
এন্টারপ্রাইজ রিসোর্স প্লানিং (ই আর পি)
সাভার ডাইং এন্ড ফিনিশিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড,
ইয়াংওয়ান কর্পোরেশন,
ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন (ডি ই পি জেড), সাভার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



