একটু আলসেমিই বলতে হবে আর সামান্য ব্যস্ততা, অনেক দিন হল সবার মাঝে কিছু শেয়ার করা হচ্ছে না। কিন্তু শত ব্যস্ততার মাঝেও কিছু না লিখলে একেবারে নিজেকে খুব বেশী অপরাধী মনে হয়। তাই আজ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি।
কিছুদিন আগে আমার ভার্সিটির এক বন্ধুর সাথে অনেক দিন পর দেখা হল। আর অনেক দিন পর দেখা হলে যা হয় তা হল মাঝের দেখা না হওয়া দিনগুলোর খোঁজ খবর নেয়া হচ্ছিল। এই খবর নিতে গিয়ে ওর কাছ থেকে যা শুনলাম তা সত্যি দুঃখজনক। কয়েক মাস আগেই কিছু ছাত্রের রোষানলে পড়ে গনপিটুনির শিকার হতে হয়েছে আমার বন্ধুটির। ঘটনা টা ওর মুখ থেকে যা শুনেছি তা মোটামুটি নিম্নরুপ,
প্রতিদিনের মত অফিসে যাবার জন্য ঢাকার মতিঝিল থেকে ধানমন্ডি যাবার সিটি সার্ভিসের একটি বাস মৈত্রী পরিবহনে করে রওয়ানা হয়েছিলো সে। আর জ্যামের রাস্তাটা একটু কাজে লাগানোর জন্য হাতে নিয়েছিল একটি দৈনিক পত্রিকা। বাস টি প্রেসক্লাব মোড়ে আসার পর এখনকার ঢাকার একটা নিয়মিত দৃশ্য আমার বন্ধুর মনোযোগ আকর্ষন করে। ও দেখে তিন জন তরুন ছাত্রের সাথে বাসের কনডাক্টরের ভাড়া আদায় সঙ্ক্রান্ত বাক বিতন্ডা। ছাত্রের পরিচয় তারা “ঢাকা কলেজ” এর ছাত্র, তাই তারা ভাড়াই দেবেন না। বাসের কন্ডাক্টর তাই একটু বেশী জোর দিলেন হাফ ভাড়া আদায়ের জন্য। আর তাতেই হল বিপত্তি। “ঢাকা কলেজ” এর সেই মহামান্য ছাত্ররা কান্ডাক্টরের সাথে ভাড়া না দেবার জন্য যেই ব্যবহার করা দরকার তাই করল। আর এরকম একটি ঘটনার প্রত্যক্ষদর্শী আবার আমার বন্ধুর সামনের সিটে বসা এক সাবেক ঢাকা কলেজ এর ছাত্র। স্বভাবতই বিষয়টি তার কাছেও অযৌক্তিক মনে হয়েছে। তিনি ছাত্র দের বোঝানোর জন্য বললেন যে, তিনিও একসময় ঢাকা কলেজের ছাত্র ছিলেন এবং ছাত্রাবস্থায় হাফ ভাড়া দিয়ে যাতায়াত করতেন। একদম ভাড়া না দেয়া টা তো ঠিক নয়। এরপর বাস এলিফেন্ট রোড সাইন্স ল্যাবরেটরী মোড়ে আসতেই প্রায় ১০০ জন ছাত্র বাসটির গতি রোধ করে। আর বাসে থাকা ছাত্রদের ইশারায় অল্প কিছুক্ষনের মধ্যেই বেশ কিছু ছাত্র বাসে উঠে ঐ ভদ্রলোক কে আঘাত করতে শুরু করে। আমার বন্ধু তখন ভদ্রলোক কে আঘাতের হাত থেকে রক্ষা করার জন্য ছাত্রদের অনুরোধ করতে গেলেই কিছু ছাত্র আমার বন্ধুটিকেও ঐ ব্যক্তির সাফাই গাইছে ভেবে বেদম গনপিটুনি দেয়। প্রায় ১৫-২০ মারধরের পরে তারা থামে। ততক্ষনে আমার বন্ধুটির জামা-কাপড় ছিঁড়ে হাত-পা, নাক-মুখের অবস্থা আর বর্ননা করার মত নয়।আমার বন্ধুটি সেদিন নিজে মার খেয়ে হলেও একজন নির্দোষ মানুষকে রক্ষা করেছিল।কিন্ত এই জাতীয় ঘটনা আমার মনে হয় না কোন ভাল মানুষ কামনা করে।
যে কারনে ঘটনাটা শেয়ার করলামঃ
এই জাতীয় বা এর চেয়ে আরও জঘন্য অনেক ঘটনা প্রতিদিনই আমাদের দৃষ্টি বা কর্ণ গোচর হচ্ছে। আর আমরা এক এক ধাপ করে এই রকম সমস্যার দিকে আরো পতিত হচ্ছি। আসলে একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান কিংবা কোন নির্দিষ্ট ব্যক্তি এর জন্য দায়ী বলে আমার মনে হয় না। ঐ দিনের ঘটনার সময় বাসের অন্যান্য অনেক যাত্রীর মত আমিও এক ভীতু নাগরিক(পরিচয় দিতে লজ্জা হচ্ছে)। আমরা অনেকেই পারি না এ ধরনের অনেক ঘটনা দেখে, শুনে কিংবা জেনেও কিছু করতে। কিন্তু সত্তিকার অর্থে এসবের জন্য দায়ী আমরাই। আমাদের বিবেক। আমরা ভাল থাকতে চাই কিন্তু ভাল থাকার জন্য আমরা কতটুকু করছি? কি রেখে যাচ্ছি আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য? এগুলো নিয়ে শুধু আফসোসই করছি। আমাদের রাজনৈতিক মাঠ থেকে এর পরিপক্কতা পায়। আর আমাদের পরিবারের মাঝে এর বীজ তৈরী হয়। এদেশে যত অপরাধী আছে সবাই কারও সন্তান, কারো ভাই, কারো বোন, কারো স্বামী, কারো স্ত্রী, কারো বাবা, কারো মা। কোন দুরের আত্নীয় নন এরা। দেখুন তবু পারছিনা কিছু করতে।
তবে আমার বিশ্বাস আমাদের মাঝে এমন অনেকে আছেন যারা আজ সোচ্চার এরকম সব অপরাধের বিরুদ্ধে। আসুন তাদেরকে আমরা অনুপ্রাণিত করি এটা জানান দিয়ে যে আমরা তাদের সাথে আছি। আর এই ধরনের কাজে যদি একটুও সহযোগিতা করার ইচ্ছে থাকে প্লিজ শেয়ার করুন এই মেসেজটি, যেন কোন এক কান্ডারীর কাছে খবরটি পৌছে যায়।
*** PLEASE SHARE ***
(তাড়াহুড়োর কারনে প্যারা আকারে দিতে পারলাম না বলে দুঃখিত)
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৪:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



