ছুটির ঘন্টা বাজেনি, তবু ক্লাস শেষ। বিশ্ববিদ্যালয়ে ছুটির ঘন্টা বাজে না। দু’টোর ট্রেনটা অল্পের জন্যে মিস করে ফেললাম, ঘন্টাখানেকের মধ্যে আর কোন ট্রেন নেই। ক্যাম্পাসে তেমন মাছিও নেই যে বসে দুজন মাছি মারব! নিশ্চিতভাবেই স্টিউডেন্টরা ঝুপড়িগুলো সব ইতোমধ্যে ইজারা নিয়ে ফেলেছে, এ মুহূর্তে সেখানে গিয়েও লাভ হবে না। শনশন হাওয়া আর খিটখিটে মেঘলা আকাশ, তাকে বললাম, ‘চল ফরেষ্ট্রির দিক থেকে হেঁটে আসি।’ পাশাপাশি অল্প-স্বল্প দূরত্ব রেখে হাঁটছি, আর সে হাত নেড়ে নেড়ে কথা বলছে; দেখতে বেশ ভালো লাগছে। আমাদের মাঝে প্রেম এখনও নিবেদন করা হয়ে ওঠেনি, ভালো লাগার পর্যায়েই আছি দু’জন। হঠাৎ ফাজিল আকাশটা থেকে ঝুম বৃষ্টিপাত শুরু হল। মর জ্বালা, দুজনের কেউই তো ছাতা আনিনি (ডিজিটাল যুগে ছাতাটা বড্ড বেশি বেখাপ্পা মনে হয়, বিজ্ঞানীদের অবিলম্বে নতুন কিছু আবিষ্কার করা উচিত)! এদিকটাতে দোকান-পাট নেই, এক টুকরো ছাউনিও নেই যেখানে দুজন একটু দাঁড়াব, মাথার ওপর ছায়াবীথিগুলোই ভরসা। কিন্তু বর্ষণ কি আর বৃক্ষ মানে! ওপরে বৃষ্টি, নীচে জল। একে অপরের দিকে তাকিয়ে হাসতে লাগলাম, আমার আনপ্যাইটেন্টেড ‘হো হো’ টাইপ হাসি, আর তার ‘খিল খিল’ হাসি, বৃষ্টির কোরাসে অস্পষ্ট শোনায়। পুরো জায়গাটায় নিজেদের অনিকেত বলে মনে হতে লাগলো! টেলিপ্যাথির মাধ্যমে দুজন সিদ্ধান্ত নিয়ে ফেললামঃ ‘না, বৃষ্টিকে কচুকাটা করে আজ বৃষ্টিতে ভিজবই!’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বই-খাতা বহন করার তেমন ঝক্কি-ঝামেলা নেই; ভাগ্যিস! গল্প করতে করতে হেলিপ্যাড এর দিকটায় যেতে থাকলাম, তারপর বেশ খানিকক্ষণ চুপচাপ . . . ঘোর ঘোর একটা ভাব ছিল, পরিষ্কার মনে নেই প্রথম কে কার হাত ধরেছিলাম, শুধু মনে আছে হঠাৎই কখন যেন আমরা হাত ধরাধরি করে হাঁটা শুরু করেছি . . .
গল্পটা আমার জীবনের নয়। বিশ্বাস করি, প্রাকৃতিক নৈসর্গে ভরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোন না কোনও শিক্ষার্থীর জীবনে এমনটা ঘটেছে। আমার ‘ফিকটিসাস’ চোখ দিয়ে ঘটনাটা আমিও দেখেছি!!
“এভাবেই বুঝি হঠাৎ বৃষ্টি দুঃখ ঘোচায় আর কারো . . .” ~ অর্ণব

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



