এক বছরে জ্বালানি তেলের দাম বেড়েছে ৪ বার। ফলে বাস ভাড়াও বেড়েছে কয়েকগুণ। শুধুমাত্র ঢাকা-চট্রগ্রাম রুটের নন-এসি বাসের ভাড়া গত ১ বছরে ৩০০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৩০ টাকা। কিন্তু এতসব পরিস্থিতিতেও গত ১৮ বছরে ট্রেনের টিকিটের ভাড়া বৃদ্ধি না পাওয়ায় সাধারণ যাত্রীদের এখোনো যাতায়াতের ভরসা বাংলাদেশ রেলওয়ে১। মহাসড়কগুলোরও পদে পদে যানজট, বাঁকে বাঁকে দুর্ঘটনার ঝুঁকি আর স্থানে স্থানে গর্ত। সড়ক পথের এরূপ বেহাল অবস্থা ও নিরাপত্তাহীনতার কারণেও ট্রেনের দিকে ঝুঁকছেন যাত্রীরা। আর যাত্রীদের এমন বিপুল চাহিদাকে পুঁজি করে ট্রেনের টিকিট ঘিরে কালোবাজারিরা হয়ে উঠেছে সচল। রেলওয়ের নির্ধারিত দামে ট্রেনের টিকিট পাওয়া রেলযাত্রীদের জন্য এখন আকাশ-কুসুম কল্পনা হয়ে দাঁড়িয়েছে। শুধু ঈদ-নববর্ষ ইত্যাদি পালা-পার্বণে নয়, টিকিট না পাওয়ার সংকটে প্রতিদিনই ভুগতে হচ্ছে যাত্রীদের।
রেলের দুর্নীতি নিয়ন্ত্রণে আনা ও অব্যবস্থাপনা দূর করার জন্য বর্তমান সরকার কিছুদিন আগে যোগাযোগ মন্ত্রণালয় থেকে আলাদা করে পৃথক রেলমন্ত্রণালয় গঠন করেছে। এছাড়া টিকিট প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে যাত্রীদের জন্য চালু হয়েছে অনলাইন ও মোবাইল টিকিট সার্ভিস। তার ওপর কালোবাজারি রোধে অগ্রিম টিকিট বিক্রির সময় ১০ দিন থেকে কমিয়ে আনা হয়েছে ৩ দিনে। কিন্তু কথায় আছে ‘ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে’! প্রবাদটির সফল প্রয়োগ দেখা যায় বাংলাদেশ রেলওয়েতে- সরকার পাল্টালেও কমে আসে না কালোবাজারিদের দৌরাত্ম্য; বরং বর্তমান সময়ে তা যেন ফুলে-ফেঁপে একাকার!
প্রসঙ্গক্রমে ভুক্তভোগীদের একজন এসিসিএ’র ছাত্র রাতুল দেব কিছুটা ব্যাঙ্গ করে বলেন- ‘জনকল্যাণের জন্যে এখন আছে রেলওয়ের কালোবাজারি ট্রেন টিকিট সার্ভিস; স্টেশন কাউন্টার অথবা মোবাইলে টিকিট না পেলেও এখানে আপনি ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগেও টিকিট পাবেন। শুধু বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের নির্ধারিত মূল্যের ওপর একটা সার্ভিস চার্জ যোগ করে দিলেই চলবে’!
অথচ এ কালোবাজারি রোধে পত্রিকায় কতশত খবর প্রকাশিত হয়। কিন্তু পত্রিকার খবর পত্রিকার কাগজের মাঝেই শৃঙ্খলিত থেকে যায়, এর বাস্তব কোনো সুফল যাত্রীদের ভাগ্যে জোটে না। যাত্রীদের অভিযোগ, এসকল কালোবাজারিদের পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছেন স্টেশনমাষ্টার, বুকিং কাউন্টার ও রেলওয়ের নিরাপত্তা বাহিনীরই লোকজন।
ক্ষেত্রবিশেষে এ অভিযোগের সত্যতাও পাওয়া গিয়েছে। দৈনিক আজাদীর সাংবাদিক কাঁকন দেব গত এপ্রিলের ৩ তারিখের টিকিট কাটার জন্যে মার্চের ৩১ তারিখ সকাল ৮টা থেকে লাইনে দাঁড়ালে ঘন্টাখানেক পর কাউন্টার থেকে তাকে বলা হয় ‘টিকিট শেষ’। তিনি বলেন, “টিকিট না পাওয়ার পর বেশ চিল্লাচিল্লি শুরু করে দিই। সাংবাদিক পরিচয় জানার পর স্টেশনমাষ্টার মাহবুব তার রুমে নিয়ে গিয়ে আমাকে টিকিট ধরিয়ে দেন এবং পরবর্তীতে টিকিটের প্রয়োজন হলে তার সাথে ফোনে যোগাযোগ করতে বলেন। এর থেকেই বোঝা যায় রেলওয়ের অভ্যন্তরীণ লোকজনই কালোবাজারিদের পৃষ্ঠোপোষক।”
প্রসঙ্গক্রমে ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ফয়সাল আহমেদ বলেন, ‘স্টেশনে গিয়ে কখোনোই টিকিট পাই না। এখন যতবারই বিশ্ববিদ্যালয়ের ছুটিতে চিটাগং যাই, মামাকে ফোন দিই। মামা রেলওয়ের কোনো এক কর্মকর্তার (নামঃ রবিন)কাছ থেকে টিকিট কিনে নিয়ে আসে – ১৫০/১৬৫ টাকার নন-এসি টিকিট ৩০০ টাকা, ৩৪৫/৩৮০ টাকার টিকিট ৫০০ টাকা। এভাবে আমরা এ মানুষগুলোর কাছে দিনে দিনে জিম্মি হয়ে পড়ছি’!
রেলওয়ের অব্যবস্থাপনার সাথে দুর্নীতির সহাবস্থানের ফলে পরিস্থিতি দিন দিন আরো দুর্বিষহ হয়ে ঊঠছে। বাড়ছে জনগণের ক্ষোভ। এরই ফলশ্রুতিতে গত মার্চ মাসের ২৩ তারিখ টিকিট কালোবাজারি ও অব্যবস্থাপনার অভিযোগ এনে চট্টগ্রাম রেল স্টেশন ব্যবস্থাপককে দেড় ঘণ্টা অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে টিকিট কিনতে আসা এক দল ব্যক্তি।
শুক্রবার (মার্চ ২৩) সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত এই বিক্ষোভ চলে। পরে র্যাবের মধ্যস্থতায় বিক্ষোভকারীদের সঙ্গে রেল কর্মকর্তাদের আলোচনার মধ্য দিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। বিক্ষোভকারী টিকিট প্রার্থীদের একজন কালোবাজারি ও অব্যবস্থাপনার বিষয়ে রেলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিক্রি শুরুর ১০ মিনিটের মধ্যে ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধুলী এক্সপ্রেসের টিকিট শেষ বলে কাউন্টার থেকে ঘোষণা দিলে লাইনে দাঁড়ানো সবাই বিক্ষোভ শুরু করে।
টিকিট কিনতে আসা আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, “সকাল ৬টা থেকে লাইনে দাঁড়িয়েছিলাম। সকাল ৯টা ১০ মিনিটে টিকিট বিক্রি শুরু হয়। অথচ বিক্রির লিস্টে দেখানো হয়েছে ৯টা ১ মিনিট থেকে। এটা কিভাবে সম্ভব!২”
টিকিট না থাকার বিষয়ে জানতে চাইলে কাউন্টারে দায়িত্বরতরা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অনেক যাত্রী অভিযোগ করেছেন। যাত্রীরা বলেন, স্টেশনে তিন দিন আগে টিকিট করতে গেলেও কাউন্টারে টিকিট পাওয়া যায় না, এসকল টিকিট বিক্রি হয় চট্রগ্রামের স্টেশন রোড ও নিউ মার্কেট এলাকার কিছু দোকানে। কমলাপুর রেলস্টেশনের বিপরীত দিকের হোটেলগুলোয় দাঁড়িয়ে থাকা কিছু দালালদের হাতেও টিকিট দেখা যায়। প্লাটফর্মে ট্রেন ছাড়ার ঠিক আগমুহুর্তে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর লোকের কাছেও টিকিট পাওয়া যায় – এমন অভিযোগও যাত্রীদের মাঝ থেকে উঠেছে। অভিযোগ সঠিক বলে প্রমাণিত হয় যখন গত ৬ মার্চ চট্টগ্রাম রেলস্টেশনে আল আমীন নামে রেলের এক নিরাপত্তা কর্মী কালোবাজারে টিকিট বিক্রিকালে পুলিশের হাতে ধরা পড়েন। এর দু'দিন আগে টিকিট কালাবাজারি করার সময় হাতেনাতে ধরা পড়েন স্টেশনের বুকিং ক্লার্ক কামরুজ্জামান ওরফে মনির এবং দুই নিরাপত্তা কর্মী লাল্টু মিয়া ও মেজবাহ উদ্দিন। তাদের সাময়িক বরখাস্ত করা হয়৩।
এই প্রতিবেদক সরেজমিনে গিয়ে চট্রগ্রাম স্টেশনের মিন্টু নামের এক কালোবাজারিকে ফোন দিয়ে টিকিট চাইলে ‘টিকিট নাই’ বলা হয়। এর কিছুক্ষণ পরেই সে অপর আরেকটি নম্বর থেকে ফোন করে টিকিটের জন্যে ৩ নম্বর প্লাটফর্মে আসতে বলে। বেশ কিছুক্ষণ দূর থেকে পর্যবেক্ষণ করে 'প্রতিবেদককে ‘ক্রেতা’ হিসেবে নিশ্চিত হবার পর সে সামনে আসে। ‘কালোবাজারির সাথে কেন যুক্ত হলেন' প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, “এমনিতে কোর্টে কাজ করি, কিন্তু ওই টাকায় সংসার চলে না। এই কাজে (কালোবাজারিতে) পরিশ্রম নাই, মেলা টাকাও পাওয়া যায়।” টিকিট কিভাবে জোগাড় করেন তা জনতে চাইলে উত্তর দিতে অস্বীকৃতি জানান।
এভাবে চট্রগ্রামের জুয়েল ও কমলাপুরের ইসলামসহ অনেক কালোবাজারি দীর্ঘদিন যাবৎ এ পেশার মাধ্যমে যাত্রীদের কাছ থেকে প্রচুর টাকা হাতিয়ে নিচ্ছেন।
ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের সাথে জড়িত সন্দেহে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ১১ জনকে গ্রেফতারও করেছে র্যালব-৩ এর একটি দল। গ্রেফতারকৃতরা হচ্ছে- মোবারক, সেলিম, মঙ্গল, ফারুক, কালু, কালাম, মন্টু, আনোয়ার, বাবুল, কালাম ও সেলিম। র্যা ব জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে মোবারক বর্তমানে লেবার সুপারভাইজার হিসেবে রেলওয়েতে কর্মরত। ৩০ বছর ধরে স্টেশনেই তার বসবাস। বর্তমানে সে টিকিট কালোবাজারের অন্যতম সর্দার। প্রতি সপ্তাহে নিজেই ২০-৩০ হাজার টাকার টিকিট কালোবাজারের কাজে ব্যয় করেছে। এভাবে সে প্রতিদিন হাতিয়ে নিতো হাজার টাকা।
অপর দিকে সেলিম স্টেশনে ১৫-২০ বছর ধরে বসবাস করে। তার অন্য কোনো কাজ নেই। প্রতিদিন যাত্রীদের কাছে কালোবাজারিতে টিকিট বিক্রি করাই তার পেশা। এই পেশা সহজ বলে আপন ভাই কালামকেও এর সাথে সম্পৃক্ত করেছে।
একইভাবে কালোবাজারি দলের সদস্য মন্টু ২০-২২ বছর স্টেশনে থাকে। তার বাবা এক সময় রেলওয়ের একজন কর্মচারী ছিলেন। প্রতিদিন সকালে স্টেশনে এসে রাত অবধি ঘুরে ঘুরে টিকিট বিক্রি করাই তার কাজ। কাজের সুবিধার্থে সে একটি পোশাকও ক্রয় করেছে, যা দেখতে অবিকল ট্রেনের টিটিদের মতো। একইভাবে গ্রেফতারকৃত অন্যরাও কয়েক বছর ধরে টিকিট কালোবাজারি সিন্ডিকেটের সাথে জড়িত রয়েছে বলে র্যাব জানায়৪।
এআইইউবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালমান করিম সামি বলেন, ‘এই গেল কুরবানীর ঈদে মোবাইল ফোনে এত চেষ্টা করলাম অথচ টিকিট পেলাম না; স্টেশনে তো টিকিট পাওয়ার প্রশ্নই ওঠে না! ভার্সিটির ক্লাস শুরু হয়ে যাচ্ছিল দেখে শেষমেষ ব্ল্যাকারের কাছ থেকে ১৫০ টাকার নন-এসির টিকিট কিনেছি ৪০০ টাকায়, আর এক বন্ধুর জন্যে ৩৪৫ টাকার এসির টিকিট কিনেছি ৮০০ টাকায়। এভাবে প্রতারিত হবার পর নিজেকে বড় অসহায় মনে হয়েছে’!
জানা গেছে প্রতিটি ট্রেনের ২৫% টিকিট মোবাইল অপারেটরদের কাছে বিক্রির জন্যে দেয়া হলেও ব্ল্যাকাররা একাধিক সিম ব্যবহার করে কিনে নেয় সে টিকিটগুলোও। চট্রগ্রাম রেলওয়ের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল শাহজাহান ভুঁইয়া এ প্রসঙ্গে জানান, রেলওয়ের সফটওয়্যার ম্যানেজমেন্ট/আইটি বিভাগ চলতি বছরের শুরু থেকে ১১ মার্চ পর্যন্ত মোবাইল টিকিট কালোবাজারির সাথে জড়িত এমন প্রায় ২০ হাজার সিম শনাক্ত করেছে এবং ইতোমধ্যেই সাড়ে ছয় হাজার সিম ব্লক করে দিয়েছে। বাকী সিমগুলোও পর্যায়ক্রমে ব্লক করে দেয়া হবে৫।
অপরদিকে টিকিট কালোবাজারির সাথে গ্রামীণফোন ও বাংলালিংক কাস্টমার কেয়ার সার্ভিসে কর্মরত বেশকিছু কর্মকর্তারাও জড়িয়ে পড়েছে – এমনটাই অভিযোগ করেছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ইশতিয়াক। তিনি বলেন, “এ লোকগুলো শিক্ষিত হবার পরও সুন্দর শার্ট পড়ে ও গলায় টাই ঝুলিয়ে এমন ঘৃণ্য কাজ করছেন, আর রাস্তার ওই দরিদ্র, পড়ালেখা না জানা মানুষগুলোকে কিভাবে দোষ দিব!”
অভিযোগের সত্যতা হাতেনাতে পাওয়া যায় যখন স্টেশন রোডের গ্রামীণফোন কাস্টমার কেয়ারে কর্মরত ইভানকে ফোন দেয়া হয়। এ প্রতিবেদক তাকে ফোন করে ‘আগেও টিকিট নিয়েছিলাম’ মর্মে টিকিট প্রার্থনা করলে তুর্ণা-নিশীথা একপ্রেসের ৩৪৫ টাকার একটি এসি টিকিট তিনি ৬৫০ টাকা দাবি করেন। এখানে উল্লেখ্য, গ্রামীণফোনে কর্মরত হওয়া সত্ত্বেও তার সাথে যোগাযোগের নম্বরটি ছিল রবি অপারেটরের।
উল্লেখযোগ্যভাবে বলা যেতে পারে, ঢাকা-চট্রগ্রাম রুটে প্রতিদিন যাওয়া-আসা করে ৫টি ট্রেন, এগুলো হল- মহানগর প্রভাতী, সুবর্ণ এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, মহানগর গোধূলী ও তুর্ণা-নিশীথা এক্সপ্রেস। এ পাঁচটি ট্রেনের প্রতিটিতে ৭০০টি করে মোট আসন রয়েছে ৩৫০০টি। এ টিকিটগুলোর মোট ২ দশমিক ০৩ শতাংশ টিকিট ১৪টি কোটার (বিচারপতি, সেনাবাহিনী, পত্রিকার সম্পাদক, সিআইপি, চিটাগাং চেম্বার, বিজিএমইএ, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা প্রভৃতি) জন্য সংরক্ষিত থাকে৬। বাকী সিটগুলোর আনুমানিক ২০০০ হাজার টিকিটই প্রতিদিন চলে যায় কালোবাজারিদের হাতে। টিকিটপ্রতি গড়ে ১০০-১৫০ টাকা করে বাড়তি আদায় করে এরা হাতিয়ে নিচ্ছে দৈনিক ২ থেকে ৩ লক্ষ টাকা!
ট্রেনের টিকিটের কালোবাজারি বন্ধে চট্রগ্রাম রেলস্টেশনে স্থাপন করা হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা, পর্যায়ক্রমে অন্যান্য দেশের রেলস্টেশনগুলোতেও সিসিটিভি লাগানো হবে বলে জানিয়েছিলেন রেল মন্ত্রণালয় থেকে সদ্য পদত্যাগ করা মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত। এছাড়া ঢাকা-চট্টগ্রাম রেলপথকে মিটারগেজ থেকে ব্রডগেজ করাসহ তা কক্সবাজার হয়ে মিয়ানমার পর্যন্ত নেয়ার পরিকল্পনার কথাও ব্যক্ত করেন সুরঞ্জিত। আর পুরানো রেলের বগি ও ইঞ্জিনগুলোকে মেরামতের জন্য অন্যের মুখের দিকে না তাকিয়ে থেকে নিজস্ব ওয়ার্কসপগুলোকে আধুনিক ও যুগোপযোগী করার ঘোষণা দিয়ে গিয়েছিলেন৭।
যাই হোক, রেলওয়ের উন্নতিকল্পে ট্রেনের টিকিট সহজলভ্য করা, সঠিক মনিটরিং ব্যবস্থা গ্রহণ, কালোবাজারিদের দৌরাত্ম্য কমানো ও তাদের যথাযথ শাস্তি প্রদান এবং আন্তঃনগর ট্রেনগুলোর বগির সংখ্যা বৃদ্ধির মত কাজগুলো ‘আশু করণীয়’মূলক কর্মকাণ্ডের মধ্যেই সংযোজিত হয়েছে। পাশের দেশ ভারতকে এক্ষেত্রে আদর্শ মানা যেতে পারে।
যানজটের কারণে দেশে প্রতিবছর হাজার কোটি টাকা অপচয় হচ্ছে। সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত মানুষ প্রাণ হারাচ্ছে। রেল যোগাযোগ উন্নত করা গেলে বাংলাদেশ রেলওয়ে ধীরে ধীরে লোকসান কাটিয়ে উঠে লাভের মুখ দেখবে, সরকারের রাজস্ব আয় বাড়বে, পাশাপাশি যানজট থেকেও কিছুটা রক্ষা মিলবে।
বাংলাদেশ রেলওয়ে তার জরাজীর্ণ অবস্থা থেকে বেরিয়ে আসুক – মানুষের দীর্ঘদিনের আশা!
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।