বিরাট মাঠে বিশাল জন-সমাবেশ,
যেন ফুটে থাকা অজস্র ফুল, কিংবা গভীর অরণ্য।
তিনি উঠে এলেন মঞ্চে।
মুখে তার মিথ্যে ভাষন, সুরমা পরা চোখে নকল আবেগ।
সফেদ পাঞ্জাবী, দাড়ি আর টুপিতে তিনি
ঢেকেছেন তাঁর আসল পরিচয়, তিনি নেতা।
অথচ তাকে দেখেছিলাম আরও এক বার
রক্তাক্ত একাত্তরের পাতায়, তখন
তাঁর চোখে এই অশ্রু ছিল না, ভাষায় ছিল না
সাজানো আবেগও। দেখেছিলাম সেদিন সেই চোখে
বন্য বরাহের জিঘাংসা। দেখেছিলাম লকলকে চেরা জিভ, ফনা।
আজ তিনি নেতা। সেদিনও নেতাই ছিলেন, কাঁটা ছিলেন।
কোন লাভ নেই নিজেকে ঢেকে, প্রিয় নেতা।
সবাই জেনেছে আপনার কুকীর্তির কথা।
ইতিহাস কথা বলছে, নোংরা কাদা-মাটি-জলের কথা,
আমাদের হৃদয়ে টাইম মেশিনের জন্ম হয়েছে,
আমরাও সময়ের পথে হাটতে শিখে গেছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




